ট্রাম্প এক 'অশরীরী শক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও মাইকেল মুর।
ডোনাল্ড ট্রাম্প ও মাইকেল মুর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ‘অশরীরী শক্তি’ হিসেবে অভিহিত করেছেন দেশটির খ্যাতিমান ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর। তাঁর ধারণা, ট্রাম্প আরও একবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার প্রভাব নিয়ে মুরের মুক্তি পেতে যাওয়া ‘ফারেনহাইট ১১/৯’ চলচ্চিত্রের প্রচার-প্রচারণার সময় সিএনএনের সঙ্গে কথা বলেন তিনি।

মুর বলেন, ২০১৬ সালের গ্রীষ্মে বহু লোক একদম নিশ্চিত ছিল যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন। লোকজন বলছিল, এই ইডিয়টকে (ট্রাম্প) কেউ ভোট দেবে না।

ট্রাম্প পুনর্নির্বাচিত হতে পারেন বলে মনে করেন মুর। তিনি বলেন, ‘আমার ধারণা, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন।’

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে মুর বলেন, ‘আমি মনে করি, এই লোকটা (ট্রাম্প) এক অশরীরী শক্তি।’

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়া প্রসঙ্গে মুর বলেন, নির্বাচনে হেরে গিয়ে কীভাবে জিততে হয়, তা দেখিয়েছেন ট্রাম্প। ট্রাম্প কীভাবে নির্বাচনে জিতলেন, ভবিষ্যতে ইতিহাসবেত্তারা তা বিচার-বিশ্লেষণ করবেন।

হোয়াইট হাউস থেকে একের পর এক তথ্য ফাঁসের পেছনে ট্রাম্প নিজেই রয়েছেন বলে মনে করেন মুর। এমনকি সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত আলোচিত বেনামি উপসম্পাদকীয় পেছনের লোকটিও ট্রাম্প বলে ধারণা মুরের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ট্রাম্প লিখেছেন। ট্রাম্প বা তাঁর কোনো শাগরেদ এটা লিখেছেন। মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করায় ওস্তাদ তিনি। তিনি বিভ্রান্ত করার রাজা।

২০ সেপ্টেম্বর মুরের ‘ফারেনহাইট ১১/৯’ চলচ্চিত্রটি মুক্তি পাবে।