ট্রাম্প এখন একাই মাঠে
একসময় তাঁরা ছিলেন ১৭ জন। এক এক করে সব ঝরে গিয়ে এখন একমাত্র যে প্রার্থী মাঠে দাঁড়িয়ে, তাঁর নাম ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছিলেন সিনেটর টেড ক্রুজ। এক দিন পর গতকাল বুধবার, সেই একই পথ ধরলেন জন কেইসিক।
নিজ রাজ্য ওহাইওর রাজধানী কলম্বাসে এক সংক্ষিপ্ত বিবৃতিতে কেইসিক রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য তাঁর লড়াই শেষ করার কথা ঘোষণা দেন। কেন সরে দাঁড়াচ্ছেন, তার কোনো ব্যাখ্যা দেননি। শুধু বলেছেন ঈশ্বরে তাঁর অগাধ আস্থা, নিশ্চয় তাঁর জন্য ঈশ্বরের নিজস্ব কোনো পরিকল্পনা আছে। বলেন, ‘ঈশ্বর নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন এবং আমার জীবনের লক্ষ্য পূরণ করবেন।’
ট্রেড ক্রুজও ঈশ্বরে তাঁর অগাধ আস্থার কথা বলেছিলেন। রক্ষণশীল ইভানজেলিকালদের মধ্যে তাঁর বিপুল সমর্থন তাঁকে দলের প্রার্থিতা এনে দেবে বলে বিশ্বাস করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিতে গেলেন এমন একজন, যাঁর ঈশ্বরে ভক্তি নিয়ে নানা মহলে সন্দেহ রয়েছে। তিন-তিনবার বিবাহিত ডোনাল্ড ঠিক আদর্শ রক্ষণশীল ও ধার্মিক রিপাবলিকান প্রার্থী নন। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি কখনো নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা করেন না। এ কথা অন্য কেউ বললে এককথায় দৌড় থেকে ছিটকে যেতেন।
বেশির ভাগ বিশ্লেষক একমত, তৃণমূল পর্যায়ের রিপাবলিকান ভোটাররা শুধু ওবামা প্রশাসনের প্রতি ক্রুদ্ধ নন। তাঁরা ক্ষমতায় আছেন এমন সব রিপাবলিকানের প্রতিই বিরক্ত। তাঁদের অভিযোগ, কংগ্রেসের দুই কক্ষে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ থাকলেও ওবামার এজেন্ডা তাঁরা আটকাতে পারেননি। একজন বহিরাগত হিসেবে ট্রাম্প তাঁদের ক্ষোভকে যেমন সফলভাবে ব্যবহার করেছে, অন্য কেউ তা পারেনি। তিনি একজন সফল ব্যবসায়ী, নিজেই নিজের প্রচার অভিযানের অর্থ জোগাচ্ছেন, কারও কাছে তাঁর কোনো দেনা-পাওনা নেই। সাধারণ রিপাবলিকান ভোটার এই ব্যাপারটিও ভালো চোখে দেখেছে।
গত বছর জুন মাসে ট্রাম্প যখন নিজেকে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন, দলের বেশির ভাগ নেতা-কর্মী ব্যাপারটি হাস্যকর ভেবেছিলেন। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ তাঁকে উন্মাদ বলতেও দ্বিধা করেননি। ক্রুজ তাঁকে ‘জন্মের মিথ্যুক’ বলেছিলেন। তিনি নীরবে মঞ্চ ত্যাগ করবেন না বোঝার পর দলের প্রধান দাতারা ‘ট্রাম্প ঠেকাও’ অভিযান শুরু করেছিলেন। এ কাজে টেলিভিশন বিজ্ঞাপনে কমপক্ষে ২০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ট্রাম্পকে ঠেকানো যায়নি।
এখন অন্য কোনো পথ নেই জেনে রিপাবলিকান দলের কর্তাব্যক্তিরা ট্রাম্পের পক্ষ নেওয়া শুরু করেছেন। বাছাইপর্বের প্রচারে দলে তিক্ততার সৃষ্টি হয়েছে। এটি সম্ভব না হলে আগামী নভেম্বরের নির্বাচনে শুধু হোয়াইট হাউসে নয়, সম্ভবত সিনেটের নিয়ন্ত্রণ হারাবেন। এই ভয় থেকে তাঁরা ট্রাম্পের প্রার্থিতার সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া শুরু করেছেন। মঙ্গলবারই দলের চেয়ারম্যান প্রিবাস সে কথা বলেছিলেন। গতকাল রিপাবলিকান নেতা মিচম্যাককনেলের কথায় সে কথার প্রতিধ্বনি মিলল সিনেটে। সাংবাদিকদের তিনি জানান, যেকোনো মূল্যে হিলারিকে ঠেকানো হবে প্রধান লক্ষ্য। তিনি বলেন, ট্রাম্প এখন দলের সম্ভাব্য প্রার্থী, তাঁকেই তাঁরা সমর্থন করবেন।
ডেমোক্রেটিক দলে এখনো মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়নি। ইন্ডিয়ানায় সিনেটর বার্নি স্যান্ডার্সের চমৎকার বিজয়ের পর যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। সবাই অবশ্য একমত, অভাবিত কোনো অঘটন না ঘটলে হিলারি ক্লিনটনকে ঝেড়ে ফেলা স্যান্ডার্সের পক্ষে অসম্ভব হবে। স্যান্ডার্সের ক্যাম্পেইন ম্যানেজার জেফ উইভার বলেন, ‘অঙ্কের হিসেব আমাদের পক্ষে নয়। তবে দলের সুপার ডেলিগেটরা যদি নির্বাচনে জিততে চান, তাহলে তাঁদের উচিত হবে বার্নিকে সমর্থন করা।’ উইভার ইঙ্গিত দিয়েছিলেন, বেশির ভাগ জনমত জরিপে হিলারির তুলনায় স্যান্ডার্সই ডেমোক্র্যাটদের বেশি পছন্দ।
হিলারি অথবা স্যান্ডার্স, যে-ই ডেমোক্রেটিক প্রার্থী হোন, তাঁকে হারানো ট্রাম্পের জন্য সহজ হবে না। বেশির ভাগ জনমত জরিপে তিনি ১৩ বা তাঁর চেয়েও বেশি পয়েন্টে তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীর চেয়ে পিছিয়ে। রিপাবলিকানদের মধ্যে তাঁর সমর্থন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে, কিন্তু জাতীয় পর্যায়ে সব ভোটারদের মধ্যে তাঁর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪১ শতাংশ। হিস্পানিক, আফ্রিকান-আমেরিকান ও নারীদের তাঁকে পছন্দ করেন না, এমন ভোটারের সংখ্যা ৮০ থেকে ৮৫ শতাংশ। শুধু শ্বেতকায় ভোটারের জোরে নির্বাচনে জেতা কার্যত অসম্ভব। এ ব্যাপারে সবাই একমত।
বেশির ভাগ ডেমোক্রেটিক বিশ্লেষক অবশ্য সাবধান করে দিয়েছেন, ট্রাম্পকে হালকাভাবে নিলে বিপদের সম্ভাবনা আছে। বাছাইপর্বে ট্রাম্প উত্তেজক নানা কথা বলেছেন। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতার সময় তিনি অনায়াসেই অবস্থান বদলাতে পারেন। রাজনীতির বাইরের লোক হিসেবে দুই দলের সমর্থকদের মধ্যেই তিনি আস্থা অর্জনে সক্ষম। তার চেয়েও ভয়ের কথা, হিলারি যদি ডেমোক্রেটিক প্রার্থী হোন, তাঁর বিরুদ্ধে সবচেয়ে কদর্য প্রচার অভিযান চালাতে ট্রাম্প পিছ-পা হবেন না। তিনি এর মধ্যেই ঘোষণা করেছেন, হিলারির বিরুদ্ধে তিনি মরণপণ লড়াই চালাবেন। হিলারির স্বামী বিল ক্লিনটনের নারীঘটিত বিষয় ঘাঁটাঘাঁটি করলে নানা নোংরা জিনিস বেরিয়ে আসবে। হিলারি বিল ক্লিনটনের সেই সব কর্মকাণ্ডে নীরব সমর্থন দিয়েছেন, এমন যুক্তি খাড়া করলে তিনি (হিলারি) নারীদের মধ্যে জনপ্রিয়তা হারাতে পারেন। ট্রাম্প সম্ভবত তেমন আশাই করছেন।