ট্রাম্প এখন নিউইয়র্কে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিউইয়র্কে। ৭ মার্চ রাতে অনেকটা নীরবে ট্রাম্প নিউইয়র্কে পৌঁছেছেন বলে নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে। ওই রাত থেকেই ট্রাম্প টাওয়ার ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানা গেছে।
২০১৬ সালে নিউইয়র্কের বাসিন্দা হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। পরে রাজ্যের আবাসন ত্যাগ করে তিনি ফ্লোরিডার বাসিন্দা হয়েছেন। নিউইয়র্ক নগরীর টাইমস স্কয়ারের কাছেই ট্রাম্প টাওয়ারে এক সময় তাঁর আবাসন ছিল। সম্প্রতি হোয়াইট হাউস থেকে বেরিয়ে ফ্লোরিডার মার এ লাগোতে অবস্থান করছিলেন।
নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, নিজের নগরীতে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য কাউকে দেখা যায়নি। পুলিশের অতিরিক্ত উপস্থিতি দেখেই বোঝা গেছে যে, নগরীতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এসেছেন। তবে তিনি নিউইয়র্কে কত দিন থাকবেন তা জানা যায়নি। ব্যবসা-বাণিজ্যের কারণেই তিনি নিউইয়র্কে এসেছেন বলে জানা গেছে।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও সরাসরি বলেছেন, ট্রাম্প করপোরেশনের সঙ্গে করা চুক্তিগুলো বাতিল করা হতে পারে। কোনো প্রতিষ্ঠান অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়লে তাদের সঙ্গে নগরী যেকোনো চুক্তি বাতিল করতে পারে।
এসব ঝামেলা ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নামে নিউইয়র্কে কর ফাঁকি বিষয়ে তদন্ত চলছে। এসব বিষয়ে কলকাঠি নাড়তে তাঁর এ দফা নিউইয়র্কে আগমন হতে পারে বলে মনে করা হচ্ছে।