সন্তানদের কাছে ব্যবসা হস্তান্তর নিয়ে নৈতিকতা পরিচালক
ট্রাম্প এভাবে স্বার্থসংঘাত এড়াতে পারবেন না

স্বার্থের সংঘাত এড়াতে ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে নিজের ব্যবসা-বাণিজ্য দুই ছেলের হাতে ছেড়ে দেওয়ার যে পরিকল্পনা করেছেন তা যথেষ্ট নয় বলে অভিমত দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি নীতিবিষয়ক দপ্তর। এটির পরিচালক বলেছেন, এর মাধ্যমে ট্রাম্প স্বার্থের সংঘাত এড়াতে পারবেন না।
অন্যদিকে, ট্রাম্প তাঁর মন্ত্রিসভার জন্য যাঁদের মনোনয়ন দিয়েছেন সিনেট শুনানিতে তাঁদের অন্তত তিনজন ট্রাম্পের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মত দিয়েছেন। এই তিনজন হলেন ট্রাম্পের হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি এবং অ্যাটর্নি জেনারেল জেফ সেশন। তাঁরা তিনজনই নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের কথায় তাল মিলিয়ে কড়া কড়া বক্তব্য দিতেন। তবে এখন উল্টো সুরে কথা বলা শুরু করেছেন।
যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহীদের উপহারসামগ্রী নেওয়া, স্বজনপ্রীতি কিংবা স্বার্থসংঘাতের বিষয়ে নজরদারি করে ইউএস অফিস অব দ্য গভর্নমেন্ট এথিকস। ওই দপ্তরের পরিচালক ওয়াল্টার শাউব বলেছেন, দুই ছেলের হাতে ব্যবসা ছেড়ে দিলেই ট্রাম্প স্বার্থসংঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তা মনে করার কারণ নেই। গত ৪০ বছরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন তাঁদের ‘মানের’ সঙ্গে ট্রাম্পের এই পরিকল্পনা মোটেও মানানসই নয়। ওয়াল্টার শাউব বলেন, ‘আধুনিক কালে প্রত্যেক (মার্কিন) প্রেসিডেন্টই ত্যাগের কড়া ওষুধ গিলে তারপর দায়িত্ব নেন।’ ট্রাম্পের করণীয় সম্পর্কে তিনি বলেন, ট্রাম্প তাঁর সব সম্পদ বেচে দিয়ে তা হেফাজতের জন্য একটি স্বাধীন ট্রাস্টি বোর্ডের কাছে দিতে পারেন।
গত বুধবার ট্রাম্পের আইনজীবী বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রতিষ্ঠানগুলোর নির্বাহী ক্ষমতা দুই বড় ছেলে ডন ও এরিক এবং প্রধান অর্থনৈতিক কর্মকর্তা অ্যালেন উইসেলবার্গের হাতে দেওয়া হবে। এতে ট্রাম্পের হস্তক্ষেপ থাকবে না, তিনি ব্যবসা-বাণিজ্য থেকে সম্পূর্ণ ‘বিচ্ছিন্ন’ থাকবেন।
এর পরপরই এথিকস দপ্তরের পরিচালক শাউব বলেন, ট্রাম্প ভালো করেই জানেন এসব সম্পত্তির আসল মালিক তিনি নিজেই। ফলে এই ব্যবস্থা করে স্বার্থসংঘাত এড়ানো যাবে না।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স ট্রাইব ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘বিষয়টি শুনে আমি হাঁ হয়ে গেছি। ট্রাম্পের পুরো কাজকারবারই তো জালিয়াতিতে ভরা।’ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রধান নৈতিকতাবিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। প্রেসিডেন্ট ওবামার নৈতিকতা আইনজীবী নরম্যান এইসনও বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে, ট্রাম্পের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সিনেট শুনানিতে বলেছেন, তিনি ট্রান্স প্যাসিফিক অঞ্চলের বৃহৎ বাজারের বাণিজ্যের বিরোধী নন। এ ছাড়া রাশিয়া ক্রিমিয়া দখল করার পর মস্কোকে শায়েস্তা করতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত ছিল বলে মনে করেন তিনি। ট্রাম্প বরাবরই বলে আসছেন, তিনি ট্রান্স প্যাসিফিক অঞ্চলের ওই বাণিজ্যব্যবস্থার বিরোধী। তিনি এ সংক্রান্ত চুক্তি থেকে বেরিয়ে আসবেন। রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ভালো করার পক্ষে তিনি।
ট্রাম্প সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে ওয়াটার বোর্ডিংসহ বিতর্কিত নির্যাতনমূলক পদ্ধতি অনুসরণের পক্ষে। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলারও কথা বলেছিলেন তিনি। কিন্তু তাঁর হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কেলি এসব সমর্থন করেন না বলে সিনেট শুনানিতে জানিয়েছেন।
ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ঢুকতে দেবেন না। অ্যাটর্নি জেনারেল মনোনীত জেফ সেশন প্রথম দিকে একই সুরে কথা বললেও সিনেট শুনানিতে বলেছেন, তিনি এর সঙ্গে একমত নন।