ট্রাম্প ও ওবামার অঙ্গভঙ্গি যা বলছে
হোয়াইট হাউসে বৃহস্পতিবার বৈঠক শেষে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে হাজির হয়েছিলেন সাংবাদিকদের সামনে। পাশাপাশি দুজন যে ভঙ্গিতে বসেছিলেন এবং যেভাবে কথা বলছিলেন, তা বিশ্লেষণ করে দুজনের মনোভাব ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।
বৈঠকের পর ট্রাম্প প্রেসিডেন্ট ওবামাকে ‘খুবই ভালো মানুষ’ বলে বর্ণনা করেন এবং ট্রাম্পের সাফল্য কামনা করেন ওবামা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে তাঁদের শারীরিক অঙ্গভঙ্গি (বডি ল্যাঙ্গুয়েজ) একেবারেই ভিন্ন কথা বলছে।
ট্রাম্প এর আগে ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘নিকৃষ্টতম’ প্রেসিডেন্ট বলে বর্ণনা করেছিলেন। অন্যদিকে ওবামা বলেছিলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের অনুপযুক্ত ব্যক্তি।
হোয়াইট হাউসে যখন এই দুই নেতা সাংবাদিকদের সামনে আসেন, তখন অতীতের এই তিক্ততাকে তাঁরা ভুলিয়ে দিতে চেয়েছেন। তাঁদের একসঙ্গে বসে কথা বলার সময় তোলা ছবি বিশ্লেষণ করেছেন বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ প্যাটি উড। তিনি লন্ডনের ডেইলি মেইলকে বলেন, ‘মুখে তাঁরা যা-ই বলুন, তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা স্পষ্ট যে দুজনের মধ্যে একটা টেনশন আছে।’
প্যাটি উড বলেন, ওবামাকে দেখে মনে হয়েছে তিনি খুবই অবসাদগ্রস্ত, যেন হাল ছেড়ে দিয়েছেন এবং মোটেই আশাবাদী নন। অন্যদিকে ট্রাম্পকে দেখে মনে হচ্ছে তিনি খুবই সিরিয়াস এবং এমন কিছু তথ্য তিনি শুনেছেন, যারপর তিনি শঙ্কার মধ্যে আছেন।
প্যাটি উড বলেন, ‘একটা ছবিতে ওবামাকে দুই পা এতটাই ছড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যেন তিনি বলতে চাইছেন আমিই এখনো সবার ওপরে।’
অন্যদিকে ট্রাম্প তাঁর হাত জোড় করে যেভাবে নিচের দিকে ধরে রেখেছেন, সেটা দেখে মনে হচ্ছে তিনি এমন কিছু জেনেছেন, যেটা তাঁর আগে জানা ছিল না। এটা কিন্তু তাঁর স্বভাবসুলভ ভঙ্গি নয়।
ওভাল অফিসে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট ওবামার সামনে বসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেগুলোর কিছু বিষয় দারুণ, কিছু বিষয় জটিল।’
ট্রাম্প বলেন, ওবামার সঙ্গে তিনি আরও বৈঠক করতে চান। এটাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ বলেও উল্লেখ করেন তিনি। তাঁদের বৈঠকে কোনো কর্মকর্তা ছিলেন না বলে জানায় হোয়াইট হাউস।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তাঁকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ওবামা।