ট্রাম্প ও ক্রুজেই সবার নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রাইমারি আজ শনিবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে কে প্রার্থী হবেন, তার বাছাই পর্বের নির্বাচন। দলের যে ছয় প্রার্থী প্রতিযোগিতায় টিকে আছেন, ভোট শুরুর আগে তাঁরা আপ্রাণ লড়ে যাচ্ছেন। এই লড়াইতে যে পরীক্ষিত অস্ত্রটি তাঁরা ব্যবহার করছেন তা হলো একে অপরের নিন্দা—কোনো ক্ষেত্রে সরাসরি গালি।

সাউথ ক্যারোলাইনাতে মূল লড়াই হবে দুই শীর্ষ প্রার্থী—ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর টেড ক্রুজের মধ্যে। অতি সাম্প্রতিক এক জনমত গণনায় ট্রাম্প ক্রুজের চেয়ে প্রায় ১৬ পয়েন্টে এগিয়ে। যদিও গত বুধবার প্রকাশিত এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নাল-এর জরিপে ট্রাম্পকে ২ শতাংশ ভোটে পেছনে ফেলেছেন ক্রুজ। এটাই প্রথম কোনো জাতীয়ভিত্তিক জরিপ, যাতে ট্রাম্পকে হারাতে পেরেছেন ক্রুজ।
ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ক্রুজ এবং রিপাবলিকান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তাঁর ক্রুদ্ধ সমালোচনা অব্যাহত রেখেছেন। তৃতীয় স্থানে থাকার জন্য মাটি কামড়ে আছেন সিনেটর মার্কো রুবিও এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।
সাউথ ক্যারোলাইনার রাজনীতি বরাবরই ‘নোংরা’ হিসেবে পরিচিত। সেই ‘খ্যাতি’ এবারও অটুট। এখানকার রক্ষণশীল ভোটারদের খেপিয়ে তুলতে ক্রুজ ট্রাম্পকে গর্ভপাতের সমর্থক হিসেবে পরিচয় করিয়ে টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন। ১৯৯৯ সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রবলভাবে গর্ভপাতের সমর্থক। ক্রুজ খুঁজে খুঁজে সেই ভিডিও ফুটেজ জোড়া লাগিয়ে বিজ্ঞাপনটি বানিয়েছেন।
ট্রাম্প এর আগেও ক্রুজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন। আইওয়া ককাসে ক্রুজের কাছে পরাস্ত হওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন, ক্রুজ ‘রোবো কলের’ মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। মার্কো রুবিও ও বেন কারসনও ক্রুজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন।
সাউথ ক্যারোলাইনায় বৃহস্পতিবার সিএনএনের উদ্যোগে আয়োজিত এক টাউন হল সভায় ট্রাম্প বলেছেন, ইরাকে অভিযান চালানো সম্ভবত ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে বাজে সিদ্ধান্ত। তবে তিনি নিজেও প্রথম দিকে হয়তো এটি সমর্থন করেছিলেন।
পোপ-ট্রাম্প বিতর্ক: এদিকে ট্রাম্প অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলায় পোপ ফ্রান্সিস মেক্সিকো সফরের শেষপর্যায়ে ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, অভিবাসী ঠেকানোর নামে দেয়াল তৈরির প্রস্তাব অখ্রিষ্টানসুলভ। জবাবে ট্রাম্প পোপের মন্তব্যকে ‘অসম্মানজনক’ ও ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন। নিজেকে পাক্কা খ্রিষ্টান দাবি করে রিপাবলিকান এই মনোনয়নপ্রার্থী বলেন, মেক্সিকো সরকার কানে কানে তাঁর বিরুদ্ধে মন্দ কথা বলার জন্যই পোপ এমন কথা বলেছেন। ট্রাম্পের প্রচারণা কমিটি মনে করিয়ে দিয়েছে, খোদ ভ্যাটিকান নগর, যেখানে পোপ ফ্রান্সিস থাকেন, তার চার ধারও উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।