ট্রাম্প ও পুতিন: কী কথা তাহার সাথে, তার সাথে?
শুক্রবার হামবুর্গে জি-২০ শীর্ষ বৈঠকের এক ফাঁকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হবেন। কী বিষয় নিয়ে কথা হবে, এ নিয়ে কোনো পক্ষই স্পষ্ট করে কিছু বলেনি। ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টার বলেছেন, কোনো বিশেষ এজেন্ডা নেই, দুই নেতা যেকোনো বিষয়েই কথা বলতে পারেন।
হোয়াইট হাউসে ট্রাম্পের উপদেষ্টাদের সেটাই প্রধান মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। মে মাসে ইউরোপে প্রথমবারের মতো সফরে এসে ন্যাটো সদর দপ্তরে গ্রুপ ছবি তোলার সময় মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রীকে ধাক্কা দিয়ে জায়গা করে নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিলেন। এবার তিনি আর কী কাণ্ড করেন, সে চিন্তায় তাঁরা এমনিতেই তটস্থ রয়েছেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে ট্রাম্প কী করে বসেন, কী বলে বসেন, সে দুর্ভাবনায় ট্রাম্পের উপদেষ্টাদের ঘুম হারাম।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে, ব্রিফিং নোট দেওয়া হয়েছে, বেফাঁস কিছু বলে ফেললে যে কী ঝামেলা হতে পারে, সে বিষয়ে তাঁকে সাবধান করে দেওয়া হয়েছে। হলে কী হবে, প্রেসিডেন্ট ট্রাম্প যে কী বলবেন, পুতিনকে কী প্রতিশ্রুতি দেবেন, সে কথা কারও পক্ষে আগাম বলা সম্ভব নয়।
টাইমস জানিয়েছে, জি-২০ বৈঠক নিয়ে তাঁরা এমনিতেই উদ্বিগ্ন। জার্মানির ম্যার্কেল ও ইউরোপীয় অন্য নেতারা ট্রাম্পের বাণিজ্যনীতি ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসা নিয়ে তাঁর ওপর মহা বিরক্ত। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁদের নরম-গরম কথা হবে। কিন্তু তাঁরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে।
গত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অব্যাহত তদন্তের কারণে এমনিতেই ট্রাম্পের মাথার ওপর কালো মেঘ জমে আছে। এখন পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প যদি প্রতিশ্রুতি দিয়ে বসেন ইউক্রেনে হামলার পর মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়, তা তিনি তুলে নেবেন, তাহলে রাশিয়ার সঙ্গে তাঁর আঁতাত নিয়ে সন্দেহ আরও বাড়বে। মুখোমুখি আলোচনায় পুতিন তেমন প্রতিশ্রুতি চাইতে পারেন, ক্রেমলিন থেকে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী, এ কথায় কোনো সন্দেহ নেই। নির্বাচনী প্রচারণার সময় তিনি একাধিকবার বলেছেন, এই দুই দেশ একযোগে যদি কাজ করতে সক্ষম হয়, তাহলে আইএস-কে নিশ্চিহ্ন করা সহজ হবে। কিন্তু রাশিয়ার ব্যাপারে তাঁর নিজ দলের ভেতরেই আপত্তি রয়েছে। গত মাসে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৯৮-২ ভোটে রাশিয়ার বিরুদ্ধে চলতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হুঁশিয়ারি জানিয়ে এক প্রস্তাব পাস করেছে। এ প্রস্তাব অনুসারে, তেমন কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। এই প্রস্তাবের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই, সে কারণে হোয়াইট হাউস এই দাবি উপেক্ষা করবে বলেই মনে হয়।
রাশিয়া ও ট্রাম্পকে নিয়ে সবচেয়ে ক্ষিপ্ত প্রতিপক্ষ ডেমোক্র্যাটরা। এই বৈঠকে ট্রাম্প যদি পুতিনকে বিন্দুমাত্র ছাড় দেন, তাঁরা যে ঝাঁপিয়ে পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। বর্ষীয়ান ডেমোক্রেটিক সিনেটর জ্যাক রিড ইতিমধ্যে হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার হস্তক্ষেপে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পেরেছেন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে একাধিক তদন্ত চলছে। হামবুর্গে ট্রাম্পের জন্য অবশ্যকরণীয় হবে রাশিয়ার প্রতি কোনো একপক্ষীয় ছাড় ঘোষণা না করা।
ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে সব পক্ষই অতিরিক্ত আগ্রহী, কারণ রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বাজারে নানা গুজব রয়েছে। মস্কোর এক হোটেলে ট্রাম্প ও তাঁর সহযোগীরা অশ্লীল ব্যবহারে জড়িত ছিলেন, যার ভিডিও রেকর্ড রাশিয়ার কাছে রয়েছে, এমন গুজবও অনেক দিন থেকে শোনা যাচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দাবি করেছিলেন, পুতিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, তাঁদের দুজনের দেখা হয়েছে, কথা হয়েছে। পুতিন তাঁকে যথেষ্ট সম্মান করেন, এমন দাবিও তিনি করেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর অবশ্য সে সুর তিনি বদলে ফেলেন। পুতিনের সঙ্গে তাঁর কখনো সাক্ষাৎ হয়নি—সাফ সাফ জানিয়ে দেন। ফলে এই দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক কী, তা কারও কাছেই খুব স্পষ্ট নয়। তবে পুতিন যে ট্রাম্পকে নিজের প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে সন্দেহ নেই। ইউক্রেন আক্রমণ ও পরে সিরিয়ায় হস্তক্ষেপের কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে ইউরোপে কার্যত একঘরে হয়ে আছেন। এ অবস্থায় তিনি বিশ্বের এক নম্বর পরাশক্তি যুক্তরাষ্ট্রের মহাপরাক্রমশালী প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্যের প্রমাণ বিশ্বকে দিতে চাইবেন, তাতে সন্দেহ নেই।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতের জন্য পুতিন সব রকম প্রস্তুতি নিয়েছেন। সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ডেরেকশলেট বলেছেন, পরিস্থিতি নিজের প্রয়োজনে ব্যবহারে পুতিন অভিজ্ঞ, প্রতিপক্ষকে ভড়কে দিতে তাঁর জুড়ি পাওয়া ভার। তিনি যে আটঘাট বেঁধেই এই সফরে আসবেন, তাতে সন্দেহ নেই। এর আগে জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে এক বৈঠকের সময় পুতিন সঙ্গে একটি কুকুর নিয়ে এসেছিলেন, কারণ, তাঁর জানা ছিল ম্যার্কেল কুকুর দেখে ভয় পান।
এবার কি মস্কো হোটেলের সেই ভিডিও টেপটি সঙ্গে নিয়ে আসবেন পুতিন?