ট্রাম্প ও রায়ান: দেখা হলো, কথা হলো, সমস্যা মিটল না
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ানের বহু প্রতীক্ষিত সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে তাঁরা দুজনই দলীয় ঐক্যের লক্ষ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন। এই সাক্ষাতের ফলে তাঁদের দুজনের দূরত্ব কিছুটা কমলেও স্পিকার রায়ান দলীয় প্রার্থী হিসেবে ট্রাম্পকে এখনো সমর্থন করতে প্রস্তুত নন বলে জানিয়েছেন।
ট্রাম্প ও রায়ানের প্রথম মুখোমুখি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, তাদের দুজনের অর্থপূর্ণ আলাপ-আলোচনা হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গিতে এখনো কিছু কিছু ফারাক রয়েছে—সে কথা তাঁরা স্বীকার করে; তবে দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে উভয়েই সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তাঁরা একযোগে কাজ করে যাওয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।
পরে সংবাদ সম্মেলনে পল রায়ান বলেন, ট্রাম্পের সঙ্গে কোনো কোনো ব্যাপারে তাঁর মতের ভিন্নতা আছে, এটা কোনো গোপন ব্যাপার নয়। নিজেদের পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে তাঁরা কাজ করে যাবেন। ট্রাম্পকে তিনি দলীয় প্রার্থী হিসেবে অনুমোদন করেন কি না—এমন এক প্রশ্নের জবাবে রায়ান সরাসরি জবাব না দিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, ‘নীতিগত প্রশ্নে কার কি অবস্থান, তা খোলাসা করার জন্য উভয়ের সহকারীবৃন্দ খুব শিগগির আলোচনায় বসবে।’
ট্রাম্প নিজে রায়ানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে এক টুইটার বার্তায় বলেন, ‘ওয়াশিংটনে চমৎকার দিন কাটল’।
স্পিকার রায়ান ছাড়াও এই দিন ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান দলীয় নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠকে মিলিত হন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলে এ বছরের নির্বাচনে দলের ভরাডুবি ঘটবে—এই আশঙ্কায় অনেক রিপাবলিকান কংগ্রেসম্যান ও সিনেটর বিতর্কিত এই ব্যবসায়ী থেকে দূরত্ব বজায় রাখছেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে তাঁরা বিভিন্ন বিতর্কিত বিষয়ে ট্রাম্পের কাছে ব্যাখ্যা দাবি করেন।
টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর জন করনিন পরে সাংবাদিকদের বলেন, হিস্পানিকদের ব্যাপারে ট্রাম্প যে মন্তব্য করেছেন সে ব্যাপারে তাঁর উদ্বেগের কথা তিনি জানিয়েছেন। এই ব্যাপারে দলের ভেতরেই যে আপত্তি, তা দূর করতে ট্রাম্পকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সারা দিন ও রাতের টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রিপাবলিকান নেতৃত্ব এই বৈঠককে ঐক্যের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। তবে তাদের মধ্যে বরফ যে এখনো পুরোপুরি গলেনি, সে কথাও তাঁরা স্বীকার করেন। পল রায়ানসহ দলের শীর্ষস্থানীয় অনেক নেতা এখনো ট্রাম্পের ব্যাপারে অস্বস্তিতে ভুগছেন।
পর্যবেক্ষকেরা বলছেন, প্রেসিডেন্ট হতে হলে রিপাবলিকান দল ও দলের শীর্ষ স্থানীয় চাঁদা প্রদানকারীদের তাঁর প্রয়োজন, এই বিবেচনা থেকে ট্রাম্প ‘রিপাবলিকান এস্টাব্লিশমেন্ট’-এর সঙ্গে তাঁর দূরত্ব কমিয়ে আনতে আগ্রহী। রিপাবলিকানদের কাছে গুরুত্বপূর্ণ এমন নানা প্রশ্নে তিনি ইতিপূর্বে যে কথা বলেছেন, তা থেকে সরে আসা শুরু করেছেন। ধনীদের ওপর অতিরিক্ত আয়কর এবং ঘণ্টাপ্রতি ১৫ ডলার ন্যূনতম বেতন, সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার অপরিবর্তিত রাখার ব্যাপারে যে ঘোষণা তিনি প্রাইমারি পর্যায়ে করেছেন, এখন দলীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা পর তাঁর সুর বদলে যাওয়া শুরু হয়েছে। এমনকি মুসলমানদের আগমন নিষিদ্ধ করার ব্যাপারে নিজের অবস্থান কিছুটা নমনীয় করে ট্রাম্প বলেছেন, সে নিষেধাজ্ঞা নেহাতই অস্থায়ী হবে। ইতিপূর্বে মেক্সিকানদের ধর্ষক ও মাদক ব্যবসায়ী বললেও সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, তিনি হিস্পানিকদের ভালোবাসেন।
ব্যক্তিগত সম্পদ থেকে ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারণা চালাবেন বলে ইতিপূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা থেকেও সরে এসেছেন। তিনি ঘোষণা করেছেন, তাঁর লক্ষ্য দেড় বিলিয়ন ডলার চাঁদা সংগ্রহ, যে কাজ রিপাবলিকান পার্টির সমর্থন ছাড়া তাঁর পক্ষে সম্ভব হবে না।