ট্রাম্প ও রায়ানের দূরত্ব রয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ানের সঙ্গে বহু প্রতীক্ষিত সাক্ষাৎ করলেন। এক বিবৃতিতে তাঁরা দুজন দলীয় ঐক্যের জন্য একযোগে কাজ করার কথা ঘোষণা করেছেন। তবে রায়ান দলীয় প্রার্থী হিসেবে ট্রাম্পকে এখনো সমর্থন করতে প্রস্তুত নন বলে জানিয়েছেন।
বৈঠকের পর যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রায়ান ‘অর্থপূর্ণ আলাপ’ হয়েছে বলে জানান। তাঁদের দৃষ্টিভঙ্গিতে এখনো কিছু ফারাক রয়েছে, সে কথা তাঁরা স্বীকার করেন। তবে দলকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে উভয়েই প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান।
পরে এক সংবাদ সম্মেলনে পল রায়ান বলেন, ট্রাম্পের সঙ্গে কোনো কোনো বিষয়ে তাঁর মতের ভিন্নতা আছে। এটা কোনো গোপন ব্যাপার নয়। নিজেদের প্রভেদ কমিয়ে আনার লক্ষ্যে তাঁরা কাজ করে যাবেন। ট্রাম্পকে তিনি দলীয় প্রার্থী হিসেবে অনুমোদন করেন কি না, এমন এক প্রশ্নের জবাবে রায়ান সরাসরি জবাব না দিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা ঘোষণা করেন। তিনি জানান, নীতিগত প্রশ্নে কার কী অবস্থান, তা খোলাসা করার জন্য উভয়ের সহকারীরা খুব শিগগির আলোচনায় বসবেন।
রায়ান ছাড়াও এই দিন ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান-দলীয় নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন বৈঠক করেন। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হলে এ বছরের নির্বাচনে দলের ভরাডুবি ঘটবে—এই আশঙ্কায় রিপাবলিকান অনেক কংগ্রেস সদস্য ও সিনেটর বিতর্কিত এই ব্যবসায়ী থেকে দূরত্ব বজায় রাখছেন। বৃহস্পতিবার প্রথমবারের মতো ট্রাম্পের মুখোমুখি হয়ে তাঁরা বিভিন্ন বিতর্কিত বিষয়ে ট্রাম্পের কাছে ব্যাখ্যা দাবি করেন। টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর জন করনিন পরে সাংবাদিকদের বলেন, হিস্পানিকদের ব্যাপারে ট্রাম্প যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে তাঁর উদ্বেগের কথা তিনি জানিয়েছেন এবং এ ব্যাপারে দলের ভেতরেই যে আপত্তি, তা দূর করতে ট্রাম্পকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার সারা দিন ও রাতের টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রিপাবলিকান নেতৃত্ব এই বৈঠককে ঐক্যের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন। তবে তাঁদের মধ্যে বরফ যে এখনো পুরোপুরি গলেনি, সে কথাও তাঁরা স্বীকার করেন। পল রায়ানসহ দলের শীর্ষস্থানীয় অনেক নেতা এখনো ট্রাম্পের ব্যাপারে অস্বস্তিতে ভুগছেন। সাবেক প্রেসিডেন্ট দুই বুশই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা ট্রাম্পকে সমর্থন করবেন না। ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিও ট্রাম্পের ব্যাপারে তাঁর আপত্তি কোনো রাখঢাক ছাড়াই প্রকাশ করেছেন।
পর্যবেক্ষকেরা বলছেন, প্রেসিডেন্ট হতে হলে রিপাবলিকান দল ও দলের শীর্ষস্থানীয় চাঁদা প্রদানকারী ব্যক্তিদের তাঁর প্রয়োজন—এই বিবেচনা থেকে ট্রাম্প ‘রিপাবলিকান এস্টাবলিশমেন্টের’ সঙ্গে তাঁর দূরত্ব কমিয়ে আনতে আগ্রহী।