
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় প্রাক-নির্বাচন বা প্রাইমারির ফলাফলে চমকাবার মতো কিছুই ছিল না।
নিউ হ্যাম্পশায়ার যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের একটি। জনসংখ্যা মাত্র ১৩ লাখ। অপেক্ষাকৃত সচ্ছল ও অধিক শিক্ষিত এই অঙ্গরাজ্যের প্রায় ৯৭ শতাংশ নাগরিক শ্বেতাঙ্গ। উদারনৈতিক হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যের ৪০ শতাংশ ভোটার স্বতন্ত্র। অর্থাৎ তাঁরা ডেমোক্রেটিক বা রিপাবলিকান দলের সঙ্গে নথিভুক্ত নন।
মূলত, স্বতন্ত্র ভোটের জোরে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জিতবেন, তা সব আগাম জনমত গণনায় বলা হয়েছিল। বিস্ময়ের হলো, বিপুল ব্যবধানে তিনি এই জয় নিশ্চিত করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিওর গভর্নর মধ্যপন্থী জন কেইসিক। তাঁর সঙ্গে ট্রাম্পের ব্যবধান ১৫ শতাংশেরও বেশি।
অন্যদিকে ডেমোক্রেটিক দলে বিজয়ী হয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ হ্যাম্পশায়ার ও ভারমন্ট—দুই প্রতিবেশী রাজ্য। সেই হিসেবে স্যান্ডার্স ‘সহানুভূতি ভোট’ পাবেন—এ কথা জানা ছিল। কিন্তু তিনি যে ২০ শতাংশ ভোটের ব্যবধানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে নির্দয়ভাবে পরাজিত করবেন, তা ভাবা যায়নি। ৩০ বছর বয়সের কম—এমন ভোটারদের দুই-তৃতীয়াংশ স্যান্ডার্সের পক্ষে গেছে। তবে সেটিও তেমন বিস্ময়ের নয়। নারীদের সিংহভাগ সমর্থন জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
অনেকেই ভেবেছিলেন, নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি ভোটের পর রিপাবলিকান দলে প্রার্থী তালিকা মোটামুটি স্থিতিশীল হয়ে আসবে। বাস্তবে তা ঘটেনি; বরং পরিস্থিতি আরও জটিল হয়ে এসেছে।
১৭ জন প্রার্থী নিয়ে রিপাবলিকানদের যাত্রা শুরু হয়েছিল। তা এখন সাতজনে এসে ঠেকেছে। এই সাতজনকে দুটি স্পষ্ট ভাগে বিভক্ত করা হয়েছে। একদিকে রয়েছেন ‘আউটসাইডার’ হিসেবে পরিচিত ট্রাম্প ও সিনেটর টেড ক্রুজ। অধিকাংশ রাজনৈতিক প্রশ্নে ‘চরমপন্থী’ অবস্থানের কারণে উভয়ই রিপাবলিকান রাজনৈতিক ব্যবস্থাপনার বিরাগভাজন হয়েছেন। অন্যদিকে রয়েছেন তথাকথিত ‘ইস্ট্যাবলিশমেন্টপন্থী’। অপেক্ষাকৃত নমনীয় অবস্থানের কারণে এই ঘরানার প্রার্থীরা দলীয় নেতৃত্বের কাছে বেশি গ্রহণযোগ্য। এই দলে আছেন—ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং ‘তিন গভর্নর’ নামে পরিচিত জন কেইসিক, জেব বুশ ও ক্রিস ক্রিস্টি।
গত সপ্তাহের আইওয়া ককাসে তৃতীয় স্থানে এসেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন রুবিও। কিন্তু গত শনিবারে অনুষ্ঠিত রিপাবলিকান বিতর্কে তিনি যেভাবে ক্রিস্টির হাতে ধরাশায়ী হন, তা থেকে গা বাঁচিয়ে ওঠা তাঁর পক্ষে সম্ভব হয়নি। সেই বিতর্কে ‘শেখানো বুলি’ বারবার বলায় রুবিওর নতুন নাম হয়েছে ‘রোবোট’। সম্ভবত সে কারণেই নিউ হ্যাম্পশায়ারের নির্বাচকেরা তাঁকে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করা হচ্ছে।
আইওয়ায় পিছিয়ে থাকা ক্রিস্টি ও বুশ—উভয়ে যেকোনোভাবে রুবিওকে পরাজিত করতে জোট বেঁধেছিলেন। সে কারণে তাঁরা নিউ হ্যাম্পশায়ারের ওপর নিজেদের সব মনোযোগ দিয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে থাকা বুশ নির্বাচনী প্রতিযোগিতায় আপাতত টিকে গেছেন। কিন্তু প্রায় ৮ শতাংশ ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারেন ক্রিস্টি। নামমাত্র ভোট পেয়ে একই অবস্থায় আছেন কার্লি ফিওরিনা ও বেন কারসন। এই তালিকায় বাকি থাকল টেক্সাসের অতি রক্ষণশীল ও খ্রিষ্টপন্থী ক্রুজ। ১২ শতাংশ ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে আছেন।
বুশ, ক্রিস্টি ও রুবিও নিউ হ্যাম্পশায়ারে ভালো ফলের আশায় তাঁদের তহবিলের মোটা অংশ ব্যয় করেছিলেন। উদারনৈতিক বলে পরিচিত এই অঙ্গরাজ্যে ফল ভালো হবে না বলে টের পেয়েছিলেন ক্রুজ। তাই এখানে খুব সামান্য অর্থ ব্যয় করেও ভালো ফল করেছেন তিনি।
এর আগে ‘অতি রক্ষণশীল ও ইভানজেলিক্যাল’ হিসেবে পরিচিত আইওয়ার ভোটারদের সমর্থনে ক্রুজ সে অঙ্গরাজ্যে দর্শনীয় বিজয় অর্জন করেছিলেন। পরবর্তী ভোট হবে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায়। সেই একই প্রকৃতির ভোটারদের সমর্থনে সেখানে তাঁর জেতার সম্ভাবনা রয়েছে। ১ মার্চ একই দিনে যে ১৪টি অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট হবে, সেখানে ‘ইভানজেলিক্যাল’ মতাদর্শের প্রবল প্রভাব রয়েছে। সেখানেও তাঁর ভালো করার কথা।
তবে যে ব্যবধান এবং সব ধরনের রিপাবলিকান ভোটারদের সমর্থন নিয়ে ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে জিতেছেন, তাতে তাঁকে হিসাবের বাইরে রাখা বুদ্ধিমানের কাজ হবে না। যদি বড় রকমের গড়বড় না হয়, তাহলে হয়তো রিপাবলিকান দলে ট্রাম্প ও ক্রুজই প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন।
নিউ হ্যাম্পশায়ারে সম্পূর্ণ পরাজিত হলেও প্রাইমারির পরবর্তী পর্যায়ে হিলারি অনেক ভালো ফল পাওয়ার আশা করছেন। সাউথ ক্যারোলিনা ও নেভাদায় পরবর্তী ভোট হবে। সেখানকার মোট ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ আফ্রিকান-আমেরিকান ও মেক্সিকান। তাঁরা গত দুটি জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে ওবামাকে সমর্থন করেছিলেন। হিলারি নিজেকে ওবামার উত্তরসূরি হিসেবে স্থাপন করেছেন। সেই সুবাদে তাঁর বিশ্বাস—এই জোট এবার তাঁর পাশে দাঁড়াবে।
স্যান্ডার্স এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। সে কারণে হিলারির সমর্থকদের বিশ্বাস, নির্বাচনের পরবর্তী দৌড়ে তিনি স্যান্ডার্সকে ছাড়িয়ে সহজেই ‘বিজয়-রশি’ ছুঁয়ে ফেলবেন।
নিউ হ্যাম্পশায়ারে সর্বশেষ ফলাফল (নিউইয়র্ক সময়, রাত একটা)
ডেমোক্রেটিক
স্যান্ডার্স: ৬০ শতাংশ
হিলারি: ৩৮ দশমিক ৪ শতাংশ
রিপাবলিকান
ট্রাম্প: ৩৫ শতাংশ
কেইসিক: ১৬ শতাংশ
ক্রুজ: ১১ দশমিক ৬ শতাংশ
বুশ: ১১ শতাংশ
রুবিও: ১০ দশমিক ৬ শতাংশ
ক্রিস্টি: ৭ দশমিক ৬ শতাংশ
ফিওরিনা: ৪ দশমিক ২ শতাংশ
কারসন: ২ দশমিক ৩ শতাংশ