ট্রাম্প ও স্যান্ডার্সের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিউ হ্যাম্পশায়ারে মঙ্গলবার অনুষ্ঠিত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় প্রাক্-নির্বাচন বা ‘প্রাইমারি’র ফলাফলে চমকে যাওয়ার মতো কিছুই ছিল না। এটি যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের একটি, জনসংখ্যা মাত্র ১৩ লাখ। অপেক্ষাকৃত সচ্ছল ও অধিক শিক্ষিত এই রাজ্যের প্রায় ৯৭ শতাংশ নাগরিক শ্বেতকায়। উদারনৈতিক হিসেবে পরিচিত এই রাজ্যের ৪০ শতাংশ ভোটার স্বতন্ত্র, অর্থাৎ তাঁরা ডেমোক্রেটিক বা রিপাবলিকান দলের সঙ্গে নথিভুক্ত নয়।
মুখ্যত স্বতন্ত্র ভোটের জোরে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে বিপুল ব্যবধানে জয় লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জিতবেন, সব আগাম জনমত গণনায় বলা হয়েছিল, শুধু বিস্ময়ের হলো যে বিপুল ব্যবধানে তিনি এই জয় নিশ্চিত করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহাইওর গভর্নর মধ্যপন্থী জন কেইসিকের সঙ্গে তাঁর ব্যবধান ১৯ শতাংশেরও বেশি।

অন্যদিকে ডেমোক্রেটিক দলে বিজয়ী হয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ হ্যাম্পশায়ার ও ভারমন্ট দুই প্রতিবেশী রাজ্য, সেই হিসাবে স্যান্ডার্স ‘সহানুভূতি ভোট’ পাবেন, এ কথা জানাই ছিল। কিন্তু তিনি যে ২২ শতাংশ ভোটের ব্যবধানে সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে এমন নির্দয়ভাবে পরাস্ত করবেন, তা ভাবা যায়নি। ৩০ বছর বয়সের কম এমন ভোটারদের দুই-তৃতীয়াংশ স্যান্ডার্সের পক্ষে গেছেন, সেটিও তেমন বিস্ময়ের নয়। কিন্তু নারীদের সিংহ ভাগ সমর্থন জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
১৭ জন প্রার্থী নিয়ে রিপাবলিকানদের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সাতজনে এসে ঠেকেছে। এই সাতজনকে দুটি স্পষ্ট ভাগে বিভক্ত করা হয়েছে: একদিকে রয়েছেন ‘আউটসাইডার’ হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর টেড ক্রুজ। অধিকাংশ রাজনৈতিক প্রশ্নে তাঁদের ‘চরমপন্থী’ অবস্থানের কারণে উভয়েই রিপাবলিকান রাজনৈতিক ব্যবস্থাপনার বিরাগভাজন হয়েছেন। অন্যদিকে রয়েছেন তথাকথিত ‘এস্টাবলিশমেন্টপন্থী’, যাঁরা অপেক্ষাকৃত নমনীয় অবস্থানের কারণে দলীয় নেতৃত্বের কাছে বেশি গ্রহণযোগ্য। তাঁরা হলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং ‘তিন গভর্নর’ নামে পরিচিত জন কেইসিক, জেব বুশ ও ক্রিস ক্রিস্টি।

বার্নি স্যান্ডার্স, ডোনাল্ড ট্রাম্প
বার্নি স্যান্ডার্স, ডোনাল্ড ট্রাম্প


গত সপ্তাহের আইওয়া ককাসে তৃতীয় স্থানে এসেও নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন মার্কো রুবিও। কিন্তু গত শনিবারে অনুষ্ঠিত রিপাবলিকান বিতর্কে তিনি যেভাবে ক্রিস ক্রিস্টির হাতে ধরাশায়ী হন, তা থেকে গা বাঁচিয়ে ওঠা তাঁর পক্ষে সম্ভব হয়নি। সে বিতর্কে ‘শেখানো বুলি’ বারবার বলায় রুবিওর নতুন নাম হয়েছে ‘রোবট’। সম্ভবত সে কারণেই নিউ হ্যাম্পশায়ারের নির্বাচকেরা তাঁকে প্রত্যাখ্যান করেছেন বলে ভাবা হচ্ছে।
আইওয়ায় পিছিয়ে থাকা ক্রিস্টি ও বুশ উভয়ে জোট বেঁধেছিলেন যেভাবেই হোক রুবিওকে পরাস্ত করতে। সে কারণে তাঁরা নিজেদের সব মনোযোগ দিয়েছিলেন নিউ হ্যাম্পশায়ারের ওপর। ১১ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে থাকা বুশ নির্বাচনী প্রতিযোগিতায় আপাতত টিকে গেলেন, কিন্তু ৮ শতাংশ ভোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন ক্রিস্টি। নামমাত্র ভোট পেয়ে একই অবস্থায় আছেন কার্লি ফিওরিনা ও বেন কারসন।
এই তালিকায় বাকি থাকল টেক্সাসের অতি রক্ষণশীল ও খ্রিষ্টপন্থী টেড ক্রুজ। ১২ শতাংশ ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে আছেন। বুশ, ক্রিস্টি ও রুবিও নিউ হ্যাম্পশায়ারে ভালো ফলের আশায় তাঁদের তহবিলের মোটা অংশ এখানে ব্যয় করেছিলেন। অন্যদিকে উদারনৈতিক বলে পরিচিত এই রাজ্যে ফল ভালো হবে না টের পেয়ে ক্রুজ এখানে খুব সামান্য অর্থ ব্যয় করেও ভালো ফল করেছেন। পরবর্তী ভোট হবে ২০ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায়, সেই একই ভোটারদের সমর্থনে সেখানে তাঁর জেতার সম্ভাবনা রয়েছে।
প্রাইমারির পরবর্তী পর্যায়ে হিলারি ক্লিনটন অনেক ভালো ফল পাওয়ার আশা করছেন। সাউথ ক্যারোলাইনা ও নেভাদা, যে দুটি রাজ্যে পরবর্তী ভোট গ্রহণ হবে, সেখানে মোট ভোটারদের এক উল্লেখযোগ্য অংশ আফ্রিকান-আমেরিকান ও মেক্সিকান। এঁরা গত দুটি জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে ওবামাকে সমর্থন করেছিলেন। হিলারি নিজেকে ওবামার উত্তরসূরি হিসেবে স্থাপন করেছেন, সেই হেতু তাঁর বিশ্বাস—এই জোট এবার তাঁর পাশে দাঁড়াবে। বার্নি স্যান্ডার্স এখন পর্যন্ত কৃষ্ণকায় ও অভিবাসীদের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি, সে কারণে হিলারির সমর্থকদের বিশ্বাস—নির্বাচনের পরবর্তী দৌড়ে তিনি বার্নিকে ছাড়িয়ে সহজেই বিজয়রশি ছুঁয়ে ফেলবেন।
সমস্যা হলো, মাস দু-এক আগেও কেউ ভাবেনি বার্নি স্যান্ডার্স তাঁর পুঁজিবাদ ও করপোরেট আমেরিকা বিরোধী বক্তব্য নিয়ে খুব বেশি সময় মাঠে টিকে থাকবেন। সব হিসাব উল্টে দিয়ে তিনি শুধু টিকেই আছেন না, ক্রমশ বিজয়ের দিকে এগোচ্ছেন।