ট্রাম্প ও হিলারির জন্য হুমকি তৃতীয় দলের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত তাবৎ আলোচনা ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির দুই প্রার্থী—হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেই। আলোচনায় না থাকলেও লড়াইয়ে রয়েছেন আরও দুটি দলের দুই প্রার্থী। তাঁরা হলেন লিবার্টারিয়ান পার্টির গ্যারি জনসন ও গ্রিন পার্টির জিলস্টাইন।

জনমত জরিপ অনুসারে, এ মুহূর্তে গ্যারি জনসনের জনসমর্থন ৭ দশমিক ২ শতাংশ ও জিলস্টাইনের ৩ দশমিক ৫ শতাংশ। একপর্যায়ে গ্যারি জনসনের সমর্থন ১০ শতাংশ পর্যন্ত উন্নীত হয়েছিল, কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি।

তাঁরা দুজনেই আশা করছেন, যে তিনটি টেলিভিশন বিতর্কে প্রধান দুই দলের প্রার্থীরা অংশ নেবেন, তাঁরাও তাতে শামিল হওয়ার সুযোগ পাবেন। কিন্তু বিতর্ক কমিশনের নিয়ম অনুযায়ী ন্যূনতম ১৫ শতাংশ জনসমর্থন থাকলে এই বিতর্কে অংশ নেওয়া সম্ভব। এই নিয়মকে চ্যালেঞ্জ করে তাঁরা আদালতে মামলা ঠুকেছিলেন, কিন্তু তা টেকেনি।

এই দুই দলের প্রার্থী নভেম্বরের নির্বাচনে জয়ী হবেন, এ কথা কেউ ভাবেন না। কিন্তু নির্বাচনী ফলাফলে তাঁরা প্রভাব রাখতে পারেন, তাতে সন্দেহ নেই। গ্যারি জনসন ইউটাহ অঙ্গরাজ্যের; আর তাঁর রানিংমেট বিল ওয়েল্ড ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর। তাঁরা উভয়েই রিপাবলিকান দলের সাবেক সদস্য; ফলে ট্রাম্পের প্রার্থিতায় অসন্তুষ্ট এমন রিপাবলিকানদের কেউ কেউ তাঁদের প্রতি সমর্থন জানাতে পারেন। এবিসি টিভির এক জরিপ অনুসারে রিপাবলিকান দলের ১৩ শতাংশ সদস্য জনসন-ওয়েল্ড জুটিকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন। ভার্জিনিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান স্কট রিগেল ইতিমধ্যে ঘোষণা করেছেন, নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে নয়, গ্যারি জনসনকেই সমর্থন জানাবেন।

অন্যদিকে প্রগতিশীল হিসাবে পরিচিত জিলস্টাইন ও তাঁর রানিংমেট বিশিষ্ট মানবাধিকার কর্মী আজুমু বারাকা হিলারির প্রতি আস্থাহীন ডেমোক্র্যাটদের ভোট কেড়ে নিতে পারেন। বার্নি স্যান্ডার্সের অনেক তরুণ সমর্থক, যারা হিলারির রাজনৈতিক কর্মসূচিতে প্রণোদিত হওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছেন না, তাঁদের কেউ কেউ হয়তো জিল-বারাকার প্রার্থিতার প্রতি সমর্থন জানাতে পারেন। সে কথা মাথায় রেখে গ্রিন পার্টি তাদের স্লোগান নির্বাচন করেছে, ‘জিল-নট হিল’। অর্থাৎ হিলারিকে নয়, জিলস্টাইনকে ভোট দিন।

এই দুই দলের প্রার্থী যদি তাঁদের চলতি জনসমর্থন বজায় রাখতে পারেন, প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রভাব পড়তে বাধ্য। ট্রাম্প ও হিলারি উভয়েই যে গুটি কয়েক ‘ব্যাটেল গ্রাউন্ড’ রাজ্যের ওপর বাজি ধরেছেন, তার অন্যতম হলো ফ্লোরিডা, ওহাইয়ো ও পেনসিলভেনিয়া। এই তিন অঙ্গরাজ্যেই লিবার্টারিয়ান প্রার্থীর প্রতি জনসমর্থন ১০ শতাংশ বা তার চেয়েও বেশি। ফ্লোরিডা ও পেনসিলভেনিয়ায় হিলারি ট্রাম্পের চেয়ে গড়পড়তা ৮ পয়েন্টে এগিয়ে, ওহাইওতেও বাতাস তাঁর পক্ষে। এই অবস্থায় গ্যারি জনসন যদি ২-৩ শতাংশ রিপাবলিকান ভোট সংগ্রহেও সমর্থ হন, তা ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনবে।