ট্রাম্প কি সিরিয়া যুদ্ধে জড়িয়েই পড়লেন?
>সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পি জে ক্রাউলি বিবিসি অনলাইনে লেখা নিবন্ধে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাঁর মূল বক্তব্য, ট্রাম্পের সঙ্গে ওবামা প্রশাসনের তফাতই এতে ফুটে উঠেছে। আর সিরিয়া নিয়ে ট্রাম্প কোনো সিদ্ধান্তে পৌঁছে গেছেন—এ হামলা থেকে তাও বলা যাবে না। ক্রাউলির লেখাটি এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:
সিরিয়া সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পূর্বসূরি বারাক ওবামার সঙ্গে নিজের সিদ্ধান্তের তফাতটা যে অনেক বড়, তাই বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার ইদলিবে গ্যাস হামলা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে দেশটির সরকারের বিরুদ্ধে তড়িঘড়ি সামরিক জবাবের নির্দেশ দিলেন ট্রাম্প।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে ২০১৩ সালে বারাক ওবামা তাঁর দেশকে সম্পৃক্ত করার সময় দোটানায় পড়েছিলেন। কিন্তু সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ট্রাম্প সরাসরি দেশটির বিরুদ্ধে যে সামরিক ব্যবস্থা নিলেন, তা করতে তিনি কোনো মিত্রের সমর্থনের অপেক্ষা বা কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন মনে করেননি। তাঁর মধ্যে এ হামলার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে স্পষ্ট কোনো দুশ্চিন্তার ছাপও দেখা যায়নি।
ট্রাম্পের সামরিক শক্তিমত্তার এমন নাটকীয় প্রদর্শনের সত্যিকারের প্রভাব কী হবে, তা এখনই পরিষ্কার নয়। তবে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গত ছয় বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশারের অনমনীয় মনোভাবে সম্ভবত কোনো পরিবর্তন ঘটাবে না। সিরিয়ার বাশার সরকার এখনো বিদ্রোহী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত অস্ত্র এবং ক্লোরিন ব্যারেল বোমা ব্যবহার করতে সক্ষম।
এমন বাস্তবতা সামনে রেখে এরই মধ্যে বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন ও লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর সামরিক পদক্ষেপ এগিয়ে নিতে ও সিরিয়ার বিমানবাহিনীর লড়াইয়ের ক্ষমতা সম্পূর্ণ শেষ করে দিতে উৎসাহ দিয়েছেন।
বারাক ওবামা সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রকে এভাবে সরাসরি জড়িয়ে ফেলার মতো পিচ্ছিল পথে যেতে ভয় পাচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থ রক্ষার ক্ষেত্রে সংকীর্ণ উপায় তিনি বেছে নিয়েছিলেন। আর তা ছিল ব্যয়বহুল আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে গভীরভাবে না জড়িয়েই জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করা। এত দিন পর্যন্ত ট্রাম্পও সেটাই চাইতেন। ২০১৩ সালে সিরিয়ায় সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন তিনি। এখন উল্টো কাজটিই করলেন।
সিরিয়ার বর্তমান পরিস্থিতির জন্য নিজ দায়দায়িত্বের কথা স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি সিরিয়া নিয়ে একটা সিদ্ধান্তে এসেছেন বলে মনে হলেও সামনের পথটা তাঁর চোখে স্পষ্ট কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।