ট্রাম্প-কিম বৈঠক মে-জুনে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে আগামী মে মাসে অথবা জুনের শুরুর দিকে। উত্তর কোরিয়াও এ বৈঠকের জন্য প্রস্তুত বলে ওয়াশিংটনকে জানিয়েছে।
হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, উভয় পক্ষ পরস্পরকে সম্মান জানাবে এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তি হবে বলে আমি আশাবাদী।’
দুই দেশের মধ্যে যে বৈরিতার সম্পর্ক, তা বন্ধুত্বের পথে পা রাখবে বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বহু, বহু বছর ধরে যে ধরনের সম্পর্ক চলে আসছে, তার থেকে ভিন্ন কিছু হবে বলে আশাবাদী।’
এর আগে গত রোববার মার্কিন এক কর্মকর্তা জানান, কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যখন দেখা করবেন, তখন ওই আলোচনা হবে বলে প্রথমবারের মতো ওয়াশিংটনকে বলেছে পিয়ংইয়ং।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগকে ইতিবাচক হিসেবে দেখছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউসের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে বলে তাঁরা অবগত আছেন।
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি-ধমকি দেন। জবাবে কিম জং-উনও কম যাননি। তাঁদের বাগ্যুদ্ধের রেশ থাকতে থাকতেই ইতিবাচক এই আলোচনা বৈঠকের খবর সামনে আসে।
এদিকে জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বল্টনের গতকাল সোমবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মাইক পম্পেওকে ট্রাম্পের মনোনয়ন দেওয়া নিয়ে আগামী বৃহস্পতিবার সিনেটে শুনানি হওয়ার কথা। উত্তর কোরিয়া নিয়ে এই দুজনের অবস্থান বেশ কঠোর বলেই জনশ্রুতি রয়েছে। ফলে আলোচনা কোন দিকে গড়ায়, তা দেখার অপেক্ষা থেকেই যায় বলে মনে করা হচ্ছে।