ট্রাম্প-কোমির বাগ্যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিনরা

সিনেট গোয়েন্দাবিষয়ক কমিটির সামনে দেওয়া সাক্ষ্যে হলফ করে এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্জলা মিথ্যা বলেছেন। জবাবে ট্রাম্প বলেছেন, তাঁর মুখে কোমি যেসব কথা বসিয়েছেন, তার কোনোটাই তিনি (ট্রাম্প) বলেননি। তিনি নন, মিথ্যা বলেছেন কোমিই।
ট্রাম্প ও কোমির এমন পরস্পরবিরোধী বক্তব্য নিয়ে অন্য অধিকাংশ ব্যাপারের মতো এই ব্যাপারেও যুক্তরাষ্ট্র দুই ভাগে বিভক্ত। যাঁরা ট্রাম্পের অনুগত সমর্থক, তাঁরা সবাই মনে করেন, প্রেসিডেন্ট শতভাগ সত্যি বলছেন। অন্যরা ঠিক উল্টো, তাঁরা মনে করেন ট্রাম্প নন, সত্যি বলছেন কোমি। এই প্রশ্নে হাফিংটন পোস্ট-এ সদ্য প্রকাশিত এক জরিপে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা কোমির বক্তব্য সত্যি বলে মনে করেন। মাত্র ২৬ শতাংশ মনে করেন, ট্রাম্প সত্যি বলছেন।
এই জরিপে রিপাবলিকান-ডেমোক্র্যাট বিভাজন করা হয়নি। কিন্তু শুধু রিপাবলিকানদের যদি প্রশ্ন করা হয় কে সত্যি বলছেন, তাহলে ট্রাম্পকে বিশ্বাস করে এমন লোকের সংখ্যা সম্ভবত ৮০ শতাংশ হবে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা ট্রাম্পের সমর্থকদের কথা উল্লেখ করে জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে যখন সারা দেশের মাত্র ৩৮ শতাংশ মানুষ নিজেদের ট্রাম্পের সমর্থক বলে পরিচয় দেন, তখন রিপাবলিকানদের মধ্যে ট্রাম্প সমর্থকদের পরিমাণ ছিল ৮১ শতাংশ। কোমির সাক্ষ্যের পর এই ধারা পরিবর্তিত হয়েছে, এমন ভাবার কোনো কারণ নেই। ওয়াশিংটন পোস্ট প্রশ্ন তুলেছে, ঠিক আর কী ঘটলে ট্রাম্পের সমর্থকদের মনোভাব বদলাবে?
গত শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত পারসোন্যাল ডেমোক্রেসি ফোরামে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড ট্রাম্পবিরোধীদের উদ্দেশে বলেন, ট্রাম্প তাঁর কথা রাখেননি, এখন তাঁর বিদায়ের ব্যবস্থা করার সময় এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, জিলিব্রান্ড ২০২০ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এখন থেকেই নিজেকে ট্রাম্পের একজন প্রধান সমালোচক হিসেবে অবস্থান গ্রহণ করতে চান তিনি।
অন্যদিকে রিপাবলিকান সিনেটরদের বক্তব্য থেকে স্পষ্ট, আপাতত তাঁরা ট্রাম্পের মাথায় ছাতা ধরা বন্ধ করছেন না। সিনেটের শুনানিতে তাঁদের প্রশ্নের ধরন থেকেই স্পষ্ট ছিল কোমির বক্তব্যের বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ করাই তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল। যেমন আরকানস থেকে নির্বাচিত সিনেটর টম কটনের জিজ্ঞাস্য ছিল, কোমি যদি ট্রাম্পের ব্যাপারে এতটাই অসন্তুষ্ট, তাহলে তিনি নিজ থেকেই কেন পদত্যাগ করলেন না। স্পষ্টবাদী হিসেবে পরিচিত জন ম্যাককেইনের একমাত্র উদ্বেগ ছিল, কোমি হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিলেন, অথচ ট্রাম্পের ব্যাপারে সেই একই সিদ্ধান্ত নিতে পারলেন না কেন?
ট্রাম্প-কোমি বাহাসের মধ্যে খবর এসেছে, সিনেট গোয়েন্দা কমিটির সামনে হাজির হবেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। সেশন্স বলেছেন, জেমস কোমির সাক্ষ্যের জবাবে তিনি সিনেটের ওই প্যানেলের সামনে কাল মঙ্গলবার হাজির হবেন। কোমি তাঁর সাক্ষ্যে বলেছেন, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর (কোমি) যেন ভবিষ্যতে সরাসরি দেখা না হয়, তিনি সে ব্যবস্থা করতে বলেছিলেন সেশন্সকে।