ট্রাম্প ক্ষমতায় বসায় আরও ইহুদি বসতি অনুমোদন
ইসরায়েলি কর্মকর্তারা গতকাল রোববার পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৫৬৬টি বাড়ি তৈরির অনুমতি দিয়েছেন। সদ্য মার্কিন প্রেসিডেন্ট পদে বসা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের সুযোগ নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
জেরুজালেমের ডেপুটি মেয়র মেইর তুরজেমান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় নিয়মনীতি বদলে গেছে। বারাক ওবামার আমলের মতো আমাদের হাত বাঁধা নেই। আমরা এখন বসতি নির্মাণ করতে পারছি।’
ফিলিস্তিনি প্রেসিডেন্টের দপ্তর ইসরায়েলের এ উদ্যোগের নিন্দা করে একে জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন আখ্যা দিয়েছে।
শপথ গ্রহণের পর গতকালই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম ফোনালাপের কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। গতকাল মন্ত্রিসভার বৈঠকে শুরুতে এ কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমাদের মধ্যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু, সিরিয়া পরিস্থিতি ও ইরানের হুমকি নিয়ে আলাপ করার আছে।’
ওবামা প্রশাসনের বিরোধিতার কারণে ট্রাম্পের দায়িত্ব গ্রহণ পর্যন্ত ওই বসতির বাড়িগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছিল।
এদিকে নতুন বসতির অনুমোদন দেওয়ার পাশাপাশি কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রিরা জেরুজালেমের কাছে একটি বড় ইহুদি বসতি ইসরায়েলের সঙ্গে একতরফাভাবে যুক্ত করে নেওয়ার পরিকল্পনা এগিয়ে নিতে তদবির করছেন বলে জানা গেছে।
অনেকেই বলছেন, ইসরায়েলের এ উদ্যোগ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। একজন মন্ত্রী জেরুজালেম এলাকার অন্য কয়েকটি বসতি যুক্ত করে নেওয়ার নিজস্ব পরিকল্পনা তৈরি করেছেন বলেও জানা গেছে।