ট্রাম্প গণতন্ত্রের শত্রু?

রাজনৈতিক রীতিনীতি, সভ্যতা-ভব্যতার থোড়াই কেয়ার করছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথাবার্তা, আচার-আচরণ, চিন্তাচেতনা, মনোভাব নিয়ে গভীর উদ্বেগ আছে। তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।
মার্কিন গণতন্ত্রের অন্যতম ভিত্তি তার নির্বাচনীপ্রক্রিয়া নিয়ে ট্রাম্প প্রশ্ন তুলেছেন। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনের আগেই কারচুপির আশঙ্কা করে বক্তব্য দেননি। তাই ট্রাম্পের বক্তব্য নিয়ে যথারীতি বিতর্ক সৃষ্টি হয়েছে।
নির্বাচনে কারচুপি করে রিপাবলিকান প্রার্থীকে হারানো হতে পারে বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তার অসারতা নিয়ে মার্কিন গণমাধ্যমে ব্যাপক আলাপ-আলোচনা ও বিশ্লেষণ হচ্ছে।
দেশটির নির্বাচন বিশেষজ্ঞরাও জোরালোভাবে ট্রাম্পের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। নির্বাচন বিশেষজ্ঞ ডেভিট বেকারের ভাষ্য, গত দুই দশকে দেখা গেছে, নির্বাচন পরিচালনার লোকজন সর্বোচ্চ সততা ও পেশাদারি নিয়ে কাজ করেছেন।
বাছাইপর্বের সময় ট্রাম্প নিজের দলের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন। আবার অনেকটা নাক গলানোর মতো করে ডেমোক্রেটিক দলের বাছাইপর্ব নিয়েও তাঁর প্রশ্ন ছিল।
বাছাইপর্ব ও জাতীয় নির্বাচনের মধ্যে অনেক ফারাক আছে। জাতীয় নির্বাচনের প্রক্রিয়ার প্রতি প্রার্থীদের শ্রদ্ধা দেখানোর যে ঐতিহ্য, তা ভেঙেছেন ট্রাম্প।
ট্রাম্পের বক্তব্য রাজনৈতিক হতে পারে। হতে পারে বাগাড়ম্বর। কিন্তু জাতীয় নির্বাচনে কারচুপির আশঙ্কা করে তাঁর দেওয়া বক্তব্য ভিন্ন তাৎপর্য বহন করে।
ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান, তা হলে তাঁর সমর্থকেরা কারচুপির অভিযোগ সত্য বলে মনে করতে পারেন। তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা রজার স্টোন সম্প্রতি বলেছেন, জনমত জরিপের সঙ্গে নির্বাচনের ফলাফল না মিললে, রিপাবলিকান প্রার্থীর উচিত হবে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করা।
রজার স্টোন সতর্ক করে বলেছেন, এই নিয়ে অস্থিরতা দেখা দিতে পারে। ঘটতে পারে রক্তপাতও।
যেসব দেশে গণতন্ত্র এখনো পূর্ণতা পায়নি, সেখানে নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন কিংবা হানাহানির চিত্র সচরাচর দেখা যায়। কিন্তু সেই একই দৃশ্য যুক্তরাষ্ট্রে দেখা গেলে তা হবে বড্ড বেখাপ্পা। বিবিসি অনলাইন অবলম্বনে