ট্রাম্প চাপ দিয়েছিলেন: কোমি

রাশিয়া নিয়ে তদন্তের ব্যাপারে এফবিআইয়ের তৎকালীন প্রধান জেমস কোমির ওপর চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এমটাই দাবি করেছেন কোমি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কোমি বলেন, ট্রাম্প তাঁর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিয়ে চলমান তদন্ত বাদ দিতে কোমিকে অনুরোধ করেছিলেন।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির শুনানিতে কোমির অংশ নেওয়ার কথা। এই শুনানির আগে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পদচ্যুত এফবিআইপ্রধান।
ট্রাম্প ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছেন বলে যে অভিযোগ উঠেছে, কোমির বক্তব্যের পর তা আরও জোরদার হয়েছে।
কোমির ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ নিয়ে এফবিআইয়ের তদন্ত প্রসঙ্গে ট্রাম্প একাধিকবার তাঁর (কোমি) সঙ্গে কথা বলেছেন। ট্রাম্পের এমন আচরণে কোমি বিব্রতকর অবস্থায় পড়েন।
ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে কোমি বলেন, ফ্লিন ভালো মানুষ বলে মন্তব্য করে তাঁকে নিয়ে তদন্ত বাদ দিতে বলেছিলেন প্রেসিডেন্ট।
মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্যরা আজকের শুনানিতে কোমির কাছে জানতে চাইবেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে তাঁর নির্বাচনী প্রচার দলের কথিত আঁতাত নিয়ে এফবিআইয়ের তদন্ত বন্ধে নীতিবহির্ভূত চাপ দিয়েছিলেন কি না।