ট্রাম্প জনসমর্থন হারাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে যাচ্ছে। ছয় মাস আগে ক্ষমতা নেওয়ার সময় তাঁর জনসমর্থনের হার ছিল ৪০ শতাংশ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। গতকাল রোববার প্রকাশিত একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ ১০ থেকে ১৩ জুলাই জরিপটি করেছে এক হাজার একজন লোকের ওপর। এতে দেখা যায়, ট্রাম্পকে অপছন্দের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৮ শতাংশ। জরিপের ৪৮ শতাংশ লোক বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যক্রমকে দৃঢ়ভাবে অপছন্দ করেন।

ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনের জনপ্রিয়তা এত তলানিতে কখনো নামেনি। দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশের জনপ্রিয়তা একবারের জন্য এত নিচে নেমেছিল।

গত এপ্রিলে ৫৬ শতাংশ লোক মনে করতেন রাশিয়া ২০১৬ সালের মার্কিন নির্বাচনে নাক গলানোর চেষ্টা করেছিল। তা বেড়ে এখন ৬০ শতাংশে দাঁড়িয়েছে। ৮০ শতাংশ ডেমোক্র্যাট রুশ প্রভাবের বিষয়টি বিশ্বাস করেন। তবে রিপাবলিকানদের বেলায় এই হার ৩৩ শতাংশ।