ট্রাম্প জমানায় ডেমোক্র্যাটদের প্রথম সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের পর আমেরিকার রাজনীতিতে ৭ নভেম্বর মঙ্গলবার ছিল ডেমোক্র্যাটদের জন্য সেরা দিন। ২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার জয়ের ধারাবাহিকতা ডেমোক্র্যাটরা ধরে রাখতে পারেননি। ২০১৪ থেকে টানা তিন বছর রিপাবলিকান দল একের পর এক জয় পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ক্ষমতায় আসার পর গত বসন্তে জর্জিয়ার নির্বাচনে ডেমোক্র্যাটের জয় প্রত্যাশীত ছিল। তা-ও হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের শত সমালোচনার পরও রিপাবলিকানদের জয়যাত্রা অব্যাহত ছিল। ৭ নভেম্বর প্রথম তাঁরা হোঁচট খেলেন। প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার প্রথম বার্ষিকীতেই ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট গভর্নরের নির্বাচনের মধ্য দিয়ে আমেরিকার জনগণ জবাব দিয়েছেন। ব্যাপকসংখ্যক নারী ভোটার ভার্জিনিয়ায় ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীকে, ব্যাপারটা রিপাবলিকানদের জন্য দুশ্চিন্তার কারণ হওয়ার কথা।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিসংলগ্ন ভার্জিনিয়া রাজ্যে রালফ নর্থাম ব্যাপক ভোটে জয়লাভ করেছেন। এ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতির বিরুদ্ধে জনরায়ের প্রতিফলন ঘঠেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। নিউ জার্সির মতো প্রভাবশালী রাজ্যের গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন ফিল মারফি। এ রাজ্যের গভর্নর হিসেবে ক্রিস ক্রিস্টি একসময় ছিলেন রিপাবলিকান দলের তারকা নেতা। নিউ জার্সির মানুষ ক্রিস ক্রিস্টি ও প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনের এ দিনটিতে ওয়াশিংটন রাজ্যের সিনেটে দখল নিয়েছেন ডেমোক্র্যাটরা। জর্জিয়া রাজ্যে ডেমোক্র্যাট দল রাজ্যসভায় তিনটি পদ দখল করেছে। গত ১৪ বছরের ইতিহাসে নিউ হ্যামশায়ারের বড় নগরী ম্যানচেস্টারে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছেন। মেয়র পদে নির্বাচিত হয়েছেন জয়েস ক্রেগ। নর্থ ক্যারোলাইনার ফার্টিভিল নগরীতেও হেরেছে রিপাবলিকান।
মধ্যবর্তী নির্বাচনের অন্য উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে, সিয়াটল নগরীতে প্রথমবারের মতো একজন লেসবিয়ান মেয়র নির্বাচিত হয়েছেন। ১৯২০ সালের পর এ নগরীতে এবারই একজন নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মিনাসতার সেন্ট পলে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মিনিয়াপোলিস নগরীতে একজন কৃষ্ণাঙ্গ নারী মেয়র হিসেবে এসেছেন মঙ্গলবারের নির্বাচনে।
ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্কে মেয়র বিল ডি ব্লাজিও পুনর্নির্বাচিত হয়েছেন। একইভাবে বোস্টন নগরীতে ডেমোক্র্যাট মার্টি ওয়ালশ পুনর্নির্বাচিত হয়েছেন।