ট্রাম্প-জামাতার ই-মেইল নিয়ে তদন্ত

সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টির এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ব্যক্তিগত সব ই-মেইল সংরক্ষণের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কুশনারকে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এলিজা কামিংস।
ডেমোক্রেটিক পার্টির এই কংগ্রেসম্যান চিঠিতে লিখছেন, সরকারি দলিলাদিতে জনসাধারণের প্রবেশাধিকার রয়েছে। কোনো গোপন বা স্পর্শকাতর তথ্য যে ঝুঁকির মধ্যে নেই, তা নিশ্চিত হওয়ার অধিকার জনগণের আছে।
কুশনারকে উদ্দেশ করে এলিজা কামিংস লিখেছেন, ‘ব্যক্তিগত ই-মেইল সংরক্ষণের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনার কাজ এবং চিঠির জবাবে দেওয়া তথ্য তদন্তের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সহায়তা করবে।’
হোয়াইট হাউসের কাজে কুশনারের ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টি গত রোববার এক বিবৃতিতে স্বীকার করেন তাঁর আইনজীবী। বিবৃতিতে আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কুশনার তাঁর ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে এক শর কিছু কম ই-মেইল লেনদেন করেছেন।
কুশনার তাঁর ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় করছেন বলে এখন পর্যন্ত ইঙ্গিত মেলেনি।
৩৬ বছর বয়সী কুশনার ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি পরিচিত।