ট্রাম্প জালিয়াতির প্রতীক: হিলারি আয়কর আইন ভালো বুঝি: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে একটি ‘জালিয়াতিপূর্ণ ব্যবস্থার’ সঙ্গে তুলনা করলেন হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ১৮ বছর ধরে কেন্দ্রীয় সরকারের আয়কর এড়িয়ে থাকতে পারেন—এমন খবর প্রকাশের প্রেক্ষাপটে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি গত সোমবার ওহাইও অঙ্গরাজ্যে এক সভায় এই নিন্দার তির ছোড়েন।
হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনা করে তাঁকে ‘ভণ্ড’ আখ্যা দেন। তিনি বলেন, লাখো মার্কিন পরিবার যখন কঠোর পরিশ্রম করে নির্ধারিত কর দিচ্ছে, তখন মনে হচ্ছে তিনি (ট্রাম্প) কোনো অবদানই রাখছেন না। তিনি যেমন পরিবর্তন ঘটাতে চলেছেন বলে দাবি করছেন, নিজেও সে রকম ‘জালিয়াতিপূর্ণ ব্যবস্থার’ প্রতীক।
অন্যদিকে আত্মপক্ষ সমর্থন করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প সোমবার কলোরাডোয় সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি অন্যদের প্রায় সবার চেয়ে আয়কর আইন ভালো বোঝেন। হোটেল নির্মাতা ও ব্যবসায়ী হিসেবে তিনি আয়কর আইনের আওতায়ই নিজের ও প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করেছেন। ব্যবসায়িক বিবেচনাবোধ তাঁকে ‘ট্যাক্স কোড সংস্কারের’ যোগ্যতা দিয়েছে।
নির্বাচনী বাগ্যুদ্ধের ব্যাপারে ট্রাম্প গত এক সপ্তাহ কিছুটা রক্ষণাত্মক ছিলেন। হিলারির সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে বাজে ফল করার পর তিনি এমন অবস্থান নেন। জনমত জরিপ অনুযায়ী, ওই বিতর্কের পর হিলারি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন।
প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে আর পাঁচ সপ্তাহ। এ অবস্থায় জনমত জরিপে হিলারি জাতীয় পর্যায়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যেও ক্রমশ তিনি নিজ অবস্থান সুদৃঢ় করতে পারছেন। জনমত জরিপে অংশগ্রহণকারী চার ভাগের তিন ভাগ লোক মনে করেন, ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশ করা উচিত।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, দেশের জনগণের ব্যাপারে ট্রাম্পের সংবেদনশীলতার অভাব আছে। তিনি লোক মন্দ নন। তবে তাঁর অজ্ঞতা খুবই গভীর পর্যায়ের। বাইডেন প্রশ্ন তোলেন, ‘ভাবতে পারেন একজন প্রেসিডেন্ট রাত সাড়ে তিনটায় জেগে উঠে টুইটারে আজেবাজে মন্তব্য করছেন?’
সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদোকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত একাধিক টুইটার বার্তা প্রসঙ্গে বাইডেন এ মন্তব্য করেন। সিএনএনের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তিনি হিলারি ক্লিনটনের প্রশংসা করেন। তাঁকে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে জোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন বাইডেন।