ট্রাম্প টাওয়ারের বাইরের রাস্তায় আঁকা হবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'
মিনিয়াপোলিসে গত ২৫ মে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশের হাতে নিহত হওয়ার পর আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো আমিরিকায়। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নিউইয়র্ক নগরও। স্লোগানে মুখর বিক্ষোভকারীদের প্রতিবাদ ছিল বর্ণবাদ ও পুলিশের সহিংসতার বিরুদ্ধে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও গত ১৯ জুন এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কবাসীর এ আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, সবার সঙ্গে নিউইয়র্কবাসীও বলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। তারই ধারাবাহিকতায় সিটি কর্তৃপক্ষ ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনের রাস্তায় বড় বড় হলুদ বর্ণের অক্ষরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখার পরিকল্পনা করছে। গতকাল বৃহস্পতিবার থেকে সেই মুরাল তৈরির কাজ শুরু হওয়ার কথা। কিন্তু এ উদ্যোগ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি নতুন কলহের সূচনা করেছেন মেয়র বিল ডি ব্লাজিও।
সিটি কর্তৃপক্ষ বলছে, এই শব্দগুলো আগামী সপ্তাহে ফিফথ অ্যাভিনিউয়ের ৫৬ থেকে ৫৭তম রাস্তার মধ্যে হলুদ রঙে লেখা হবে।
গত ২৩ জুন এক বিবৃতিতে মেয়র ব্লাজিওর মুখপাত্র জুলিয়া অ্যারেডোন্দো বলেন, প্রেসিডেন্টের মনোভাব নিউইয়র্কবাসী যে মূল্যবোধগুলো লালন করে, তার সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় বলেছিলেন যে, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের হত্যার জন্য উৎসাহ দিয়েছেন, যা আসলে সত্য নয়।
সবকিছু ছাপিয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-কে স্মরণীয় করে রাখার জন্য ব্রুকলিনের বেডফোর্ড-স্টুয়েভসেন্টে স্বেচ্ছাসেবীরা ইতিমধ্যে ম্যুরাল এঁকেছেন। নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারের বাইরের রাস্তার ম্যুরালটি শহরের মধ্যে তৈরি করা বেশ কয়েকটির মধ্যে একটি হবে। স্ট্যাটেন আইল্যান্ডের হ্যামিল্টন অ্যাভিনিউ ও ফেরি টার্মিনাল ভায়াডাক্টের মধ্যে রিচমন্ড টেরেসে ইতিমধ্যে একটি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ ম্যুরাল আঁকা হয়েছে। ম্যানহাটনে আরও দুটি আঁকা হবে। আর ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসে একটি করে ম্যুরাল স্থাপন করা হবে। এই ম্যুরালগুলো নির্দিষ্ট কোন স্থানে হবে এবং কখন এগুলো আঁকা হবে সে সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি এখনো।