ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে গতকাল ​ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীবাদী অধিকারকর্মীরা বিক্ষোভ করেন l এএফপি
নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে গতকাল ​ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীবাদী অধিকারকর্মীরা বিক্ষোভ করেন l এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। নারীদের প্রতি ট্রাম্পের বিভিন্ন সময়ে করা কটূক্তির প্রতিবাদে গতকাল সোমবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে তারা এ বিক্ষোভ করে।
বিক্ষোভে ট্রাম্পের ছবিতে সতর্কীকরণ চিহ্ন আঁকা এবং বিভিন্ন লেখা-সংবলিত ব্যানার হাতে বিক্ষোভকারী ব্যক্তিরা জমায়েত হন। এসব ব্যানারের কোনোটিতে ট্রাম্পের নির্বাচনী স্লোগানের প্যারোডি করে ‘স্ত্রীবিদ্বেষ আবারও বাড়িয়ে দিন’ লেখা ছিল। আবার কোনোটাতে লেখা ছিল ‘ট্রাম্প নারীদের অবমাননাকারী’।
এদিকে নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি হবে বলে আগাম অভিযোগ তুলেছেন রিপাবলিকান এই প্রার্থী। টুইটারে তিনি এ নিয়ে অভিযোগ করেছেন। অন্য এক টুইটে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে তিনি লিখেছেন, ‘এ নির্বাচনে জয় পেতে আমাদের সবার একজোট হতে হবে। ওবামার আরও চার বছর কিংবা তার চেয়েও খারাপ কিছু হতে দিতে পারি না আমরা!’
চীনের নিন্দা করলেও সেখানেই ব্যবসা করতে চেয়েছিলেন ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে চীনের সমালোচনা করলেও দেশটির সরকারের সঙ্গেই তিনি ব্যবসা করতে চেয়েছিলেন। সূত্র বলছে, চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ এক কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত ফার্মের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার চেষ্টা করেছিল তাঁর হোটেল ফার্ম।
চুক্তিবিষয়ক আলোচনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিপাবলিকান প্রার্থীর ট্রাম্প হোটেল কালেকশন (টিএইচসি) চীনের স্টেট গ্রিড করপোরেশনের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সম্পাদনে আলোচনা করেছিল। এই বিদ্যুৎ কোম্পানিটি চীনের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ট্রাম্পের গ্রেটার চায়না অফিসের সাবেক পরিচালক রবি কিউ বলেন, ব্যবসায়িক চুক্তির পরিমাণ ছিল ১০ থেকে ১৫ কোটি ডলারের। চুক্তিটি ১৫ বছর মেয়াদি হওয়ার কথা ছিল।
অথচ এই ট্রাম্পই নির্বাচনী প্রচারণায় নামার পর বিভিন্ন সময়ে চীনের সমালোচনা করেছেন। দেশটিকে আমেরিকার ‘শত্রু’ বলে মন্তব্য করার পাশাপাশি তিনি অস্বাভাবিক বাণিজ্যনীতির কারণে চীন লক্ষাধিক আমেরিকানের চাকরি চুরি করেছে বলে অভিযোগ তুলেছিলেন। সেই সঙ্গে তিনি চীনের বিরুদ্ধে মুদ্রা কারসাজি করারও অভিযোগ করেন।