
মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একজন ‘দয়ালু এবং নিপাট ভদ্রলোক’ বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে গত সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। ট্রাম্পের বিরুদ্ধে নারীদের ওপর নিগ্রহের একের পর এক অভিযোগের প্রেক্ষাপটে স্বামীর প্রতি মেলানিয়ার এই সমর্থন এল।
স্লোভেনিয়ায় জন্ম হওয়া সাবেক মডেল মেলানিয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে নির্বাচনে জিতিয়ে দিতে সংবাদমাধ্যম ট্রাম্পের পেছনে উঠেপড়ে লেগেছে। সম্প্রতি ফাঁস হওয়া ট্রাম্পের ভিডিও সম্পর্কে মেলানিয়া উল্টো সেই অনুষ্ঠানের আয়োজকের ওপরই দোষ চাপান। ২০০৫ সালে ধারণ করা ওই ভিডিওতে ট্রাম্পকে বলতে দেখা যায়, তিনি বিখ্যাত বলে মেয়েদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারেন। এ ব্যাপারে মেলানিয়া বলেন, তাঁর স্বামী সে সময় ‘বালকসুলভ’ আলাপচারিতায় মেতেছিলেন। তিনি ঘুণাক্ষরেও জানতেন না, ভিডিও ধারণ করা হচ্ছে।
মেলানিয়া বলেন, ‘আমি আমার স্বামীকে বলেছি, তাঁর ভাষা অগ্রহণযোগ্য। এবং আমি অবাক হয়ে গেছি, যে মানুষকে আমি চিনি, ভিডিওতে সেই মানুষটি ছিলেন না।’ মেলানিয়া দাবি করেন, তিনি ট্রাম্পকে কখনোই অশ্লীল ভাষায় কথা বলতে শোনেননি।
ট্রাম্পের স্ত্রী আরও বলেন, ‘ভিডিওটি ফাঁসের পর আমি অবাক হইনি। এত বছর পর কেন এটা নির্বাচনের তিন সপ্তাহ আগে ফাঁস হলো?’ মেলানিয়া সংবাদমাধ্যমের ওপর, বিশেষ করে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে পুরো বিষয়ের জন্য দায়ী করেন। তিনি বলেন, ‘আমার স্বামী দয়ালু এবং ভদ্রলোক। তিনি কখনোই এমন কাজ করতে পারেন না। তাঁকে, তাঁর প্রার্থিতাকে আঘাত করতেই সবকিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।’