ট্রাম্প না থাকলেও আছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাম্প প্রশাসনের নীতির বিপরীতে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যে পৌঁছতে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ তিন বছর মেয়াদি কর্ম-পরিকল্পনা হাতে নিয়েছে। নগরের মেয়র বিল ডি ব্ল্যাজিও ৩ অক্টোবর এক ঘোষণায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন।
এই কর্ম-পরিকল্পনার মাধ্যমে নিউইয়র্ক নগর প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সম্পৃক্ত হলো। এর মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ এবং ডি-ক্যারবোনাইজেশনের সিদ্ধান্ত বাস্তবায়নকে জোরদার করবে।
মেয়র বলেন, জটিল সমস্যা মোকাবিলায় বড় ধরনের কার্যকর সমাধান দরকার। নিউইয়র্কবাসী প্যারিস চুক্তির উচ্চাভিলাষী লক্ষ্যে পৌঁছতে দৃঢ়ভাবে কাজ করছেন।
উষ্ণতা বৃদ্ধির গতি হ্রাস, গ্রিনহাউস গ্যাস নির্গমনের উন্নয়নসহ আরও কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যমাত্রার মিল রেখে সারা পৃথিবীর মধ্যে এ ধরনের কর্ম-পরিকল্পনা গ্রহণে নিউইয়র্কই প্রথম নগরী।
প্রেসিডেন্ট ট্রাম্প গত জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। প্রেসিডেন্ট ওবামা এ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
কর্ম-পরিকল্পনার বিশেষ দিকগুলো হলো, নিউইয়র্ক নগরজুড়ে একক রিসাইক্লিং (অর্থাৎ সব ধরনের কাগজ, প্ল্যাস্টিক, ধাতব দ্রব্য, কাচের তৈরি সামগ্রী, বোর্ড ইত্যাদিকে ভিন্ন ভিন্নভাবে না রেখে একত্রে সংগ্রহ ও সংরক্ষণ) ব্যবস্থা চালু করা। ২০১৯ সালের মধ্যে নতুন ভবনের জন্য অত্যাধুনিক জ্বালানি বিধি এবং বর্তমানে বিদ্যমান ভবনে ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানীর পরিসমাপ্তি ঘটানো, এ শরতের মধ্যে নগরের ৫০টি বেসরকারি ভবনে সৌর চুল্লি প্রকল্প বাস্তবায়ন করে ২০২৫ সালের মধ্যে নগরীর বেসরকারি সম্পত্তিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা অর্জন, নগরের বাস সার্ভিস আরও জোরদারকরণ, ২০২০ সালের মধ্যে সাইকেল চালকদের সংখ্যা দ্বিগুণ করা ও সাবওয়ে ব্যবস্থার আধুনিকায়ন এবং ২০৫০ সালের মধ্যে নিউইয়র্ক নগরকে কার্বন মুক্তকরণ ইত্যাদি।
কর্ম-পরিকল্পনা ঘোষণা দিয়ে মেয়র ডি ব্ল্যাজিও বলেন, ‘ট্রাম্প-যুগে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধে নগরকে নেতৃত্ব দিতে হবে। উষ্ণতর গ্রীষ্ম ও উপর্যুপরি শক্তিশালী ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ইঙ্গিত। আমাদের এসব অনুধাবন করে এখন যথাযথ উদ্যোগ নিতে হবে।’
বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের মুখে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের মতো নগরকে প্যারিস জলবায়ু চুক্তির প্রতি সক্রিয় সমর্থন জানাতে হবে।