ট্রাম্প নির্জলা মিথ্যা বলেছেন: কোমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও জেমস কোমি
ডোনাল্ড ট্রাম্প ও জেমস কোমি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবার মিথ্যাচার করার অভিযোগ উঠল। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পদচ্যুত প্রধান জেমস কোমি এ অভিযোগ তুলেছেন।

গতকাল বৃহস্পতিবার মার্কিন সিনেটের শুনানিতে কোমি অভিযোগ করেন, তাঁর সম্পর্কে ট্রাম্প সোজাসাপ্টা নির্জলা মিথ্যা কথা বলেছেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপর ট্রাম্প দাবি করেন, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দর্শক হয়েছিল। ট্রাম্পের সেই দাবি মিথ্যা বলে তাৎক্ষণিকভাবে প্রমাণিত হয়েছিল। হিলারি ক্লিনটনের পক্ষে ৩০ লাখ অবৈধ ভোট পড়েছে ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বাসভবনে আড়িপাতার ব্যবস্থা করেছিলেন—এই দুটি দাবিও ভিত্তিহীন বলেছিলেন ট্রাম্প। তবে এই প্রথম ট্রাম্প প্রশাসনের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন।

হোয়াইট হাউসের উপমুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স পরে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যুক নন। ওয়াটার গেট কেলেঙ্কারিতে ধরা পড়ার পর প্রেসিডেন্ট নিক্সন দাবি করেন, তিনি জালিয়াত নন। সারাহ হাকাবির এই দাবি অনেককে নিক্সনের সে কথাই মনে করিয়ে দিয়েছে।

ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার গোপন আঁতাতের অভিযোগ তদন্তের জন্য মার্কিন কংগ্রেসের একাধিক কমিটি গত কয়েক মাস ধরে তদন্ত করছে। এই তদন্তের অংশ হিসেবেই কোমি সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির সামনে প্রথমে উন্মুক্ত সভায় ও পরে রুদ্ধদ্বার কক্ষে ওই কমিটির সদস্যদের প্রশ্নের উত্তর দেন।

এখন পর্যন্ত এই তদন্তের লক্ষ্য ছিল রুশ হস্তক্ষেপ ও রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের আঁতাত। কোমির সাক্ষ্যের পর তদন্তের কেন্দ্রীয় বিষয় হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর কংগ্রেস ও সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিশেষ কৌঁসুলি (বা তদন্তকারী) রবার্ট মুলারের জন্য একটি মুখ্য বিবেচ্য হবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ট্রাম্প প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন কি না, তা তলিয়ে দেখা। বিষয়টি প্রমাণিত হলে এই প্রশ্নে ট্রাম্প অভিশংসনের সম্মুখীন হতে পারেন।

কোমি তাঁর সাক্ষ্যে সরাসরি জানান, ট্রাম্প বরাবর বলেছেন তাঁর কাজে তিনি খুশি। এরপরও ট্রাম্প তাঁকে পদচ্যুত করলেন। কোমি বলেন, ‘যেভাবে রুশ তদন্ত পরিচালিত হচ্ছিল, তা পরিবর্তনের জন্যই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এতে প্রেসিডেন্ট বিচারপ্রক্রিয়ায় বাধা দিয়েছেন কি না, এই প্রশ্নের সরাসরি জবাব দিতে অস্বীকার করেন কোমি। তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাঁর নয়।

এর আগে কমিটির কাছে লিখিত বিবৃতিতে কোমি জানান, জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ব্যক্তিগত নৈশভোজে ট্রাম্প তাঁকে আমন্ত্রণ করেন। সেখানে তিনি চাকরির বদলে কোমির কাছ থেকে ব্যক্তিগত আনুগত্য পেতে চান বলে আভাস দেন।

তবে কোমির এসব বক্তব্য অসত্য বলে দাবি করেছেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী কাসোভিৎস। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই কোমির কাছে আনুগত্য দাবি করেননি। তিনি উল্টো তদন্ত চালু রাখার পক্ষে অভিমত দেন।

ট্রাম্প এর আগে ইঙ্গিত দেন, তাঁর কাছে কোমির কথোপকথনের টেপ রয়েছে। কোমি বলেছেন, তিনি আশা করেন, তেমন কোনো টেপ থাকলে প্রেসিডেন্ট তা অবমুক্ত করবেন।