ট্রাম্প পরামর্শ না শোনায় আইনজীবীর পদত্যাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা প্রধান আইনজীবী জন ডাউড পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডাউডের দেওয়া পরামর্শ ট্রাম্প ক্রমাগত উপেক্ষা করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে চলমান তদন্তে ট্রাম্পের প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন জন ডাউড। কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প পরামর্শ না শোনায় পদত্যাগ করেছেন ডাউড। আবার অন্যান্য কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডাউডের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ভেবেছেন, বিশেষ পরামর্শক রবার্ট মুলারকে সামলানো ডাউডের পক্ষে সম্ভব নয়।

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক ইমেইলে জন ডাউড লিখেছেন, ‘আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তাঁর ভালো চাই।’

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনকালীন সহযোগীদের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগাযোগ নিয়ে তদন্ত করছেন রবার্ট মুলার। তবে এই তদন্ত প্রক্রিয়ায় ট্রাম্প বাধার সৃষ্টি করছেন বলে অভিযোগ রয়েছে।

গত সপ্তাহে মুলারের তদন্তকাজ অবিলম্বে বন্ধ করার জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন জন ডাউড। তবে পরে তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে নয়, নিজ তাগিদেই ওই আহ্বান জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ১৩ মার্চ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের ২৬ জন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বিদায় ঘটে। এর মধ্যে কেউ পদত্যাগ করেন কাউকে বরখাস্ত করেন ট্রাম্প। ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।