ট্রাম্প-পুতিন যোগাযোগে সাহায্য করে আমিরাত?
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক এক ব্যবসায়ীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজনের গোপন বৈঠকের আয়োজন করেছিল বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা সোমবার এক প্রতিবেদনে বলেছে, গত জানুয়ারির ওই বৈঠক মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যোগাযোগ গড়ে তোলার প্রচেষ্টা হয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কয়েকটি আরব দেশের কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইউএই সম্ভবত ওই বৈঠকে মধ্যস্থতায় রাজি হয়েছিল। নেপথ্যের সম্পূর্ণ উদ্দেশ্য অস্পষ্ট। পত্রিকাটি আরও বলছে, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের অভিষেকের নয় দিন আগে ওই বৈঠক হয়। অংশগ্রহণকারী মার্কিন ব্যবসায়ীর নাম এরিক প্রিন্স। গোয়েন্দা সংস্থা এফবিআই এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
প্রতিবেদনটির প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, ‘আমরা এ রকম কোনো বৈঠকের কথা শুনিনি।’
এরিক প্রিন্সের একজন মুখপাত্র বলেছেন, ওই বৈঠকের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সম্পর্ক ছিল না।
‘রুশ হস্তক্ষেপ নিয়ে সন্দেহ নেই’
গত বছর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এই বিষয়ে তদন্ত সমাপ্ত হওয়ার পরই ক্রেমলিনের তৎপরতা সম্পর্কে মন্তব্য করা হবে বলে জানান তিনি।
সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে গত রোববার দেওয়া এক সাক্ষাৎকারে নিকি হ্যালি এ কথা বলেন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে আমি মনে করি, রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে সংশ্লিষ্ট ছিল। আমরা চাই না নির্বাচনী প্রক্রিয়ায় কোনো দেশ হস্তক্ষেপ করুক।’
সিসির প্রশংসায় মুখর ট্রাম্প
এএফপি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসিকে স্বাগত জানান। এ সময় তিনি মিসরের বেহাল মানবাধিকার পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে রেখে সিসির ব্যাপক প্রশংসা করেন। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আমি আপনাদের দারুণ বন্ধু এবং মিত্র।’ ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা রাজনৈতিক প্রতিপক্ষ ও মানবাধিকার কর্মীদের ওপর প্রেসিডেন্ট সিসির দমনপীড়নের ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করতেন, ট্রাম্পের এ মনোভাব তাঁর বিপরীত।