ট্রাম্প-পুতিন 'গোপন' বৈঠক করেছিলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে জার্মানির হামবুর্গে জি-২০ নেতাদের ভোজ অনুষ্ঠানের সময় একটি অপ্রকাশিত আলোচনায় অংশ নিয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা গত মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন।
আনুষ্ঠানিক ভোজের শেষের দিকে মার্কিন ও রুশ প্রেসিডেন্ট পরস্পর কথা বলেন। তবে এ সময় তাঁরা কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে হোয়াইট হাউস কিছু জানায়নি। ওই আলাপচারিতার খবর সংবাদমাধ্যম প্রকাশ করে দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তোষ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ থাকায় সংবাদমাধ্যম ও ট্রাম্পবিরোধীরা এ দুই নেতার সম্পর্ক গভীরভাবে নজরে রেখেছেন। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প প্রশংসা করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিনের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের নেপথ্যে মস্কোর ভূমিকা ছিল। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। ট্রাম্পও বহুবার বলেছেন, এ ধরনের কোনো হস্তক্ষেপ হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম জানায়, ওই ভোজের একপর্যায়ে ট্রাম্প নিজের আসন ছেড়ে পুতিনের দিকে এগিয়ে যান। রুশ প্রেসিডেন্ট তখন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার পাশে বসে ছিলেন। আর ট্রাম্পের আসন ছিল জাপানি প্রেসিডেন্ট শিনজো আবের স্ত্রীর পাশে। ট্রাম্প-পুতিন আলাপচারিতার সময় কোনো সংবাদকর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
দুই নেতা ৭ জুলাই দুই ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। এ বিষয়ে ট্রাম্প পরে বলেছেন, ওই বৈঠকে পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প-পুতিনের মধ্যে কোনো ‘দ্বিতীয় বৈঠক’ হয়নি। ওটা ছিল সংক্ষিপ্ত বাক্যবিনিময়। ট্রাম্প দ্বিতীয় বৈঠক লুকোতে চেয়েছেন বলে যে পরোক্ষ ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেটা ‘অসত্য, অভিসন্ধিমূলক ও অহেতুক’।
ট্রাম্প মঙ্গলবার টুইটারে লিখেছেন, ‘পুতিনের সঙ্গে গোপন ভোজের ভুয়া সংবাদ অসুস্থতার পরিচায়ক। জি-২০ জোটের সব নেতা ও তাঁদের জীবনসঙ্গীদের জার্মান চ্যান্সেলর সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সংবাদমাধ্যম সেটা জানত!’
ট্রাম্প-পুতিন আলাপচারিতার খবর প্রথম প্রকাশ করেন রাজনৈতিক ঝুঁকিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইউরাশিয়া গ্রুপের প্রধান ইয়ান ব্রেমার। তিনি বলেন, ট্রাম্প ওই ভোজের মাঝপর্যায়ে প্রায় এক ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে ‘গোপনে ও প্রাণবন্তভাবে’ আলাপ করেছেন। এ সময় তাঁদের সঙ্গে শুধু পুতিনের নিজস্ব দোভাষী উপস্থিত ছিলেন।
ব্রেমারের বিবরণ অনুযায়ী, ওই আলাপচারিতার সময় কোনো মার্কিন দোভাষীর না থাকার ব্যাপারটা অনেকের বিস্ময় জাগিয়েছে।