ট্রাম্প-পুতিনকে ঠেকালেন মেলানিয়া!

প্রথমবার মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট। ট্রাম্প ও পুতিনের কথা কি আর সহজে শেষ হয়? তাঁদের নির্ধারিত বৈঠকের সময় ছিল এক ঘণ্টা। কিন্তু কিসের কী? সময়ের দিকে কোনো খেয়াল নেই তাঁদের। আলাপে আলাপে দুই ঘণ্টা পেরোলেও বিভিন্ন বিষয়ে তাঁরা কথা বলেই যাচ্ছিলেন। কিন্তু তাঁদের থামাবে কে? দৃশ্যপটে চলে এলেন ট্রাম্প-পত্নী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া।
প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত দুই নেতার প্রথম বৈঠকে ইউক্রেন ও সিরিয়া পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে গণমাধ্যমে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমাদের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন সংকট, সিরিয়া পরিস্থিতিসহ আন্তর্জাতিক নানা বিষয় উঠে আসে।’
রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জঙ্গিবাদ দমন ও সাইবার নিরাপত্তার মতো বিষয় নিয়েও আলোচনা করেন এই দুই নেতা।
পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার নেতা পুতিনের বৈঠক অতিরিক্ত সময়ে গড়ালেও তা শেষ হচ্ছিল না। তাই দেখে আলোচনা শেষ করতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে পাঠানো হয়।
টিলারসন বলেন, দুজনের মধ্যে রসায়ন এতটাই জমেছিল যে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও তাঁরা কথা বলা থামাচ্ছিলেন না।
সাংবাদিকদের টিলারসন বলেন, কোনোমতেই তাঁদের থামানো যাচ্ছিল না। নির্ধারিত এক ঘণ্টার পর আরও এক ঘণ্টা পার হয়ে যায়। পুরো দুই ঘণ্টার বেশি সময় আলোচনা হয়।
গতকাল অবশ্য জি-২০ সম্মেলনবিরোধীদের প্রতিরোধের কারণে হামবুর্গে সারা দিন হোটেল ঘরে আটকে থাকতে হয়েছিল মেলানিয়াকে। মেলানিয়াসহ বিশ্বনেতাদের স্ত্রীদের কয়েকটি অনুষ্ঠানে হাজির হওয়ার কথা থাকলেও প্রতিবাদের মুখে অনেক কাটছাঁট করা হয়েছে। তথ্যসূত্র: ভ্যানিটি ফেয়ার, এনবিসি নিউজ।