ট্রাম্পপুত্র এরিকের একি কাণ্ড!

মনোয়ন পাওয়ার থেকে নানা কারণে সমালোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ব্যালটের দিকে তাকানোর ছবি নিয়ে সমালোচনা চলছে। এরই মধ্যে ছেলে এরিকের একটি টুইট নিয়েও শুরু হয়েছে সমালোচনা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালটে সিল মারা ছবি টুইটারে পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। অনেকে বলছেন, এটা করে তিনি নির্বাচনী আইন ভঙ্গ করেছে। তবে পরে ওই টুইটটি মুছে ফেলেন।
বাবা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। বাবাকে ভোট দিয়ে নিজের মোবাইলে ব্যালট পেপারের ছবি তুলে এরিক তা পোস্ট করেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। ছবিসহ ওই টুইটে এরিক লেখেন, ‘বাবাকে ভোট দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি। তিনি যুক্তরাষ্ট্রের জন্য মহান একটি কাজ করেছেন!’
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিজের ব্যালটের কপি বা ছবি প্রকাশ অপরাধের শামিল। আর তাই টুইটারে ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যে এরিকের অনেক বন্ধুবান্ধব ওই কথা মনে করিয়ে দেন। অনেকেই আবার এটা নিয়ে সমালোচনাও করেন। সমালোচনা কিংবা আইনভঙ্গের কথা জেনেই হোক, দ্রুতই টুইটার থেকে ওই ছবি মুছে ফেলেন এরিক। এখানেই শেষ নয়। ওই ছবির জন্য নির্বাচন বোর্ডের কাছে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে হিলারির দল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে নির্বাচনের ব্যালটের ছবি তুলে শেয়ার করা অবৈধ। নিউইয়র্কেও এটা অবৈধ।