ট্রাম্প প্রশাসন চাইলেও অভিবাসীদের তথ্য দেবে না নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম ও অভিবাসীবিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে বসবাসরত উদ্বিগ্ন মুসলিমসহ অন্য অভিবাসীদের আশ্বস্ত করে বক্তব্য দিয়েছেন নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাম তালিকাভুক্তির জন্য ট্রাম্প প্রশাসনের যেকোনো চেষ্টায় তিনি বাধা হয়ে দাঁড়াবেন। তিনি বলেন, ফেডারেল সরকার নিউইয়র্কে ইস্যু করা কারও পরিচয়পত্রের তথ্য চাইলে তা দেওয়া হবে না।

গত সোমবার নিউইয়র্কের নগর ভবনে নানা ধর্ম-বর্ণের লোকজন নিয়ে সংবাদমাধ্যমের উদ্দেশে ওই বক্তব্য দেন মেয়র ব্লাজিও। তিনি বলেন, চারদিকে যে ভীতি বিরাজ করছে, তাতে এ কথা জোরের সঙ্গে বলা জরুরি হয়ে পড়েছে, অভিবাসী পরিবারকে বিচ্ছিন্ন করার কেন্দ্রীয় সরকারের যেকোনো প্রয়াস নিউইয়র্কে মেনে নেওয়া হবে না। মুসলিমদের আলাদা করে নিবন্ধন করতে হলে তা মোকাবিলায় আইনগত পদক্ষেপও নেওয়া হবে।

এদিকে নিউইয়র্ক নগরীর পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেন, নির্বাচনের পর নিউইয়র্কে বিদ্বেষপূর্ণ অপরাধের সংখ্যা বেড়ে গেছে। ৮ নভেম্বরের পর ১৩ দিনে নগরীতে ২৮টি বিদ্বেষপ্রসূত অপরাধের ঘটনা রেকর্ড করা হয়। গত বছরের একই সময়ের চেয়ে এটি অনেক বেশি। নগরীর পুলিশপ্রধান জানিয়েছেন, বিদ্বেষপ্রসূত এসব অপরাধ নিয়ে তদন্ত চলছে।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে মুসলিম ও অভিবাসীদের মধ্যে নানা উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। আগামী জানুয়ারিতে তিনি ক্ষমতা গ্রহণ করবেন। হোয়াইট হাউসের পালাবদল নিয়ে ব্যস্ততার এ সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা ডালপালা মেলছে। ট্রাম্প প্রশাসনে অতিরক্ষণশীল লোকজনের গুরুত্বপূর্ণ পদে যোগ দেওয়ার ঘোষণা আসছে প্রতিদিন। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প মুসলিম ও অভিবাসীদের নিয়ে কতটা কড়া পথে হাঁটবেন, এ নিয়ে আলোচনা এখন সর্বত্র।