ট্রাম্প প্রশাসন থেকে ঝরে পড়লেন যাঁরা
চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রশাসন থেকে পদত্যাগ ও পদচ্যুতির ঘটনা ঘটেছে বারবার। যার সর্বশেষ সংযোজন হলেন স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস। শনিবার তিনি পদত্যাগ করেছেন।

টম প্রাইস, স্বাস্থ্যমন্ত্রী
সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার কেলেঙ্কারিতে ফেঁসে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৪টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন। এতে ২ লাখ ২৩ হাজার মার্কিন ডলার ব্যয় হয়, যা অতি ব্যয়বহুল। অভিযোগে বলা হয়, করদাতারা এসব ফ্লাইটের খরচ বহন করেন। ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

স্টিভ ব্যানন, ট্রাম্পের প্রধান পরামর্শক
ট্রাম্পের প্রধান পরামর্শক স্টিভ ব্যানন গত ১৮ আগস্ট পদত্যাগ করেন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্যানন। ট্রাম্প ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে ‘প্রধান পরামর্শক’ পদ সৃষ্টি করে ব্যাননকে নিয়োগ দিয়েছিলেন।

অ্যান্থনি স্কারামুচি, যোগাযোগ পরিচালক
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে অ্যান্থনি স্কারামুচিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাবেক আর্থিক ব্যবস্থাপক স্কারামুচি কাজে যোগ দেওয়ার পরপরই একজন সাংবাদিককে টেলিফোনে তাঁর সহকর্মীদের সম্পর্কে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন। পরে ৩১ জুলাই তাঁকে পদচ্যুত করা হয়।

রেইন্স প্রিবাস, চিফ অব স্টাফ
টুইটারে ঘোষণা দিয়ে চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে বরখাস্ত করেন ট্রাম্প। গত ২৮ জুলাই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। রেইন্স প্রিবাসের জায়গায় নিয়োগ পেয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর চার তারকা জেনারেল জন কেলি। রেইন্স প্রিবাস গণমাধ্যমে কাছে ট্রাম্প প্রশাসনের বিষয়ে গোপন তথ্য ফাঁস করেছেন, এমন অভিযোগে তাঁকে সরে যেতে বলা হয় বলে ধারণা করা হয়।

শন স্পাইসার, প্রেস সেক্রেটারি
হোয়াইট হাউসের মুখপাত্র, প্রেস সেক্রেটারি শন স্পাইসার পদত্যাগ করেন গত ২১ জুলাই। ট্রাম্প অ্যান্থনি স্কারামুচিকে যোগাযোগ পরিচালক নিয়োগ দেওয়ার পরই তিনি পদত্যাগ করেন। শীর্ষ ওই পদটিতে স্কারামুচির নিয়োগকে ‘বড় ধরনের ভুল’ বলে মনে করেন ৪৫ বছর বয়সী স্পাইসার। হোয়াইট হাউসে মেয়াদের অধিকাংশ সময় প্রেস সেক্রেটারি ও যোগাযোগ পরিচালক—দুই দায়িত্বই পালন করেছিলেন শন স্পাইসার।

জেমস কোমি, এফবিআই পরিচালক
ট্রাম্প প্রশাসনের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো এফবিআই পরিচালকের পদচ্যুতি। গত ৯ মে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের ই-মেইলসংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয় বলে জানায় মার্কিন প্রশাসন। বরখাস্ত হওয়ার আগে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র ছিল কি না, তা নিয়ে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন এফবিআই পরিচালক হিসেবে জেমস কোমি। আর এ কারণেই তাঁর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সন্দেহ করেন ডেমোক্র্যাটরা। তবে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, মার্কিন কংগ্রেসের শুনানিতে হিলারি ক্লিনটনের ই-মেইলের ব্যাপারে ভুল তথ্য দিয়েছিলেন কোমি।

মাইকেল ফ্লিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
নির্বাচনে রাশিয়া সম্পৃক্ততার বিতর্কের মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। এক মাসেরও কম সময়ে তিনি এ পদে দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্বের মেয়াদ এক মাস পূর্ণ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে যান।

প্রীত ভারারা, সরকারি কৌঁসুলি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে নিয়োগ পাওয়া এক সরকারি কৌঁসুলিকে (অ্যাটর্নি) গত ১১ মার্চ বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। তিনি সাউথ ডিস্ট্রিক্ট ইন নিউইয়র্কের (এসডিএসওয়াই) অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বারাক ওবামার শাসনামলে নিয়োগ পাওয়া ৪৬ সরকারি কৌঁসুলিকে (অ্যাটর্নি) পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
সূত্র: বিবিসি অনলাইন