ট্রাম্প প্রশাসনে ঘনিষ্ঠ প্রিবাস ও ব্যানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেইনস প্রিবাস
রেইনস প্রিবাস
পল রায়ান
পল রায়ান

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পর থেকেই সবার মনে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে সেটি হলো, ট্রাম্প প্রশাসনে যুক্ত হচ্ছেন কারা? প্রশ্নটির পুরোপুরি না হলেও কিছুটা উত্তর মিলেছে। রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির (আরএনসি) চেয়ারম্যান রেইনস প্রিবাস হতে যাচ্ছেন ট্রাম্পের চিফ অব স্টাফ। এ ছাড়া নিজের মুখ্য নীতিনির্ধারক হিসেবে রক্ষণশীল গণমাধ্যম ব্যক্তিত্ব স্টিফেন ব্যাননকে পছন্দ করেছেন ট্রাম্প।
এ ছাড়া বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান পার্টির পল রায়ানকেও নিজের প্রশাসনে টানার চেষ্টা করছেন ট্রাম্প। অবশ্য ট্রাম্প বা পল রায়ানের দিক থেকে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
রেইনস প্রিবাস হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে কাজ করার পাশাপাশি মার্কিন কংগ্রেস ও সরকারের মধ্যে সংযোগসূত্র হিসেবে ভূমিকা রাখবেন। প্রচারণার সময় ট্রাম্প ও রিপাবলিকান পার্টির মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন ৪৪ বছর বয়সী প্রিবাস। ২০১১ সালে আরএনসির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর তিনি দলের মুখপাত্র ও প্রধান অর্থ সংগ্রহকারী হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের চিফ অব স্টাফের দায়িত্ব পাওয়াকে তিনি ‘সত্যিকারের সম্মান’ বলে অভিহিত করেছেন।
মুখ্য নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পাওয়া স্টিফেন ব্যানন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান। ৬২ বছর বয়সী ব্যানন ২০১২ সালে ব্রাইটবার্টের দায়িত্ব নেন। এর আগে সাবেক এই নৌ কর্মকর্তা ইনভেস্টমেন্ট ব্যাংকার এবং হলিউডে প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

স্টিফেন ব্যানন
স্টিফেন ব্যানন

ট্রাম্পের পদক্ষেপে তাঁকে ব্যানন ধন্যবাদ জানালেও বিরোধী ও সমালোচকেরা এ নিয়োগকে ‘অশনিসংকেত’ বলে মনে করছেন। ব্যাননের পরিচালিত সংবাদ সংস্থা ব্রাইটবার্ট বিকল্প ডানপন্থী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট। এর অর্থ, এই সংবাদমাধ্যমটি প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে। ব্যাননের এ নিয়োগকে ‘আশ্চর্যকর তবে অশনিসংকেত’ আখ্যায়িত করেছেন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। টুইটারে তিনি লিখেছেন, ‘তাঁর (ব্যানন) বিকল্প ডানপন্থী, ইহুদিবিরোধী এবং নারীবিদ্বেষী মনোভাব হোয়াইট হাউসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
ব্যানন ব্রাইবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, নতুন প্রশাসনের এজেন্ডা এগিয়ে নিতে কাজ করার সুযোগ দেওয়ায় তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চান।