ট্রাম্প প্রশাসনে সর্বনাশ ডেকে এনেছে যে অনুষ্ঠান

হোয়াইট হাউসে ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারক পদে অ্যামি কোনি ব্যারেটের নাম ঘোষণার অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা করোনায় আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর চাউর হওয়ার পর থেকে একে একে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির মধ্যে করোনা শনাক্তের খবর আসছে। এই আক্রান্তদের তালিকায় রয়েছেন মূলত ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকর্মীরাই। এই সংক্রমণের কারণ খুঁজতে গিয়ে সামনে উঠে এসেছে একটি অনুষ্ঠানের কথা। বলা হচ্ছে, হোয়াইট হাউসে সর্বনাশ ডেকে এনেছে ওই অনুষ্ঠান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি গত ২৬ সেপ্টেম্বরের। ওই দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের শূন্য বিচারক পদে তাঁর মনোনয়ন ঘোষণা করেন। এই ঘোষণার আগে হোয়াইট হাউসের বেসমেন্টে একটি ছোট কক্ষে শীর্ষ কর্মকর্তারা মিলিত হন। ওই অনুষ্ঠানে আগত অতিথিদের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ টুকে নেওয়ার পর হোয়াইট হাউসের এক কর্মকর্তা তাঁদের হোয়াইট হাউস মেডিকেল সেন্টার থেকে একটি ছোট কক্ষে নিয়ে যান। এখন হোয়াইট হাউসের অনেক কর্মকর্তাই মনে করছেন, ওই দিনের ওই অনুষ্ঠানই ছিল হোয়াইট হাউসে করোনা ছড়িয়ে পড়ার মূলে।

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প।
ছবি: রয়টার্স

ওই দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া সাতজনের শরীরে এরই মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও এর বাইরে নন। ১ অক্টোবর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তাঁরা কীভাবে আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে হোয়াইট হাউসের অনেক কর্মকর্তাই এখন গত ২৬ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানের দিকেই আঙুল তুলছেন। কারণ, ওই অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন, তাঁদেরই আক্রান্ত হওয়ার খবর এখন পাওয়া যাচ্ছে। ওই অনুষ্ঠানে গুটিকয় অতিথি ছাড়া কেউই মাস্ক পরেননি। মানা হয়নি শারীরিক দূরত্ব বজায় রাখার নীতি।

সিএনএন জানায়, গত শুক্রবার (২ অক্টোবর) রিপাবলিকান সিনেটর মাইক লি ও টম টিলিস উভয়েই জানিয়েছেন, তাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওই অনুষ্ঠানে দ্বিতীয় সারিতে তিনটি আসন ব্যবধানে তাঁরা বসেছিলেন। তাঁদের মাঝখানে ছিলেন অন্য কয়েকজন সিনেটর। করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা কেলিয়েন কনওয়ে। তিনি ওই অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ঠিক পেছনে বসেছিলেন। আর কনওয়ে থেকে তিনটি আসন ব্যবধানে বসা ইউনিভার্সিটি অব নটর ডেমের প্রেসিডেন্টও আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁর ঠিক সামনেই ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া অ্যামি কোনি ব্যারেটের সন্তানেরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও উপদেষ্টা হোপ হিকসের করোনা আক্রান্তের খবর পাওয়ার পর এই চারজনের নাম আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে। এর বাইরে ওই অনুষ্ঠানে ছিলেন না, কিন্তু হোয়াইট হাউসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরও কয়েকজনের নাম উঠে এসেছে এ তালিকায়।

(ওপরে–বাঁ থেকে) রিপাবলিকান সিনেটর টম টিলিস, মাইক লি, হোপ হিকস, (নিচে–বাঁ থেকে) কেলিয়েন কনওয়ে, ক্রিস ক্রিস্টি, রোনা ম্যাকড্যানিয়েল
ট্রাম্প প্রশাসন চাইছিল, নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি পদটি পূরণ করতে। এ জন্যই এত তোড়জোড়। কিন্তু এখন এই নিয়োগের বিষয়টিই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃবৃন্দ এখনো নিয়োগের বিষয়ে অটল। তারা ভোটের আগেই এই নিয়োগ সম্পন্ন করতে চায়

এর মধ্যে রয়েছেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারওম্যান রোনা ম্যাকড্যানিয়েল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহের শেষ দিকে সাক্ষাৎ করেছিলেন। এ তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক বিল স্টেপিন, যিনি প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কের আগে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রস্তুতি সেশনে অংশ নেন। ওই অনুষ্ঠানেও কেউ মাস্ক ব্যবহার করেননি। ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কের জন্য প্রস্তুত হতে সহায়তা করা নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিও রয়েছেন আক্রান্তের তালিকায়।

গতকাল শনিবার আরেক রিপাবলিকান সিনেটর রন জনসনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া হোয়াইট হাউসের প্রেস উইংয়ের আরও তিন সদস্যের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে হোয়াইট হাউসে নিযুক্ত সাংবাদিকেরা।

হোয়াইট হাউসের রোজ গার্ডেনের ওই অনুষ্ঠানকে ট্রাম্প প্রশাসন বিবেচনা করেছিল, করোনাভীতি কাটানোর শেষ সুযোগ হিসেবে। আসন্ন নির্বাচনে করোনাভাইরাস ইস্যুটি অনেক বড় হয়ে উঠছিল বলে ট্রাম্প প্রশাসন যেকোনোভাবে হোক চাইছিল, এ সম্পর্কিত ভীতিকে দূর করতে। এরই প্রেক্ষাপটে এভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অথচ এখন এটিই বুমেরাং হয়ে গেছে। ওই অনুষ্ঠানই এখন হয়ে উঠেছে হোয়াইট হাউসের অব্যবস্থাপনার সবচেয়ে বড় প্রমাণ, যেখানে স্বাস্থ্য সুরক্ষার সব নীতিকে অগ্রাহ্য করা হয়েছিল হেসেখেলে।

ট্রাম্প প্রশাসন চাইছিল, নির্বাচনের আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি পদটি পূরণ করতে। এ জন্যই এত তোড়জোড়। কিন্তু এখন এই নিয়োগের বিষয়টিই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও হোয়াইট হাউস ও রিপাবলিকান নেতৃবৃন্দ এখনো নিয়োগের বিষয়ে অটল। তারা ভোটের আগেই এই নিয়োগ সম্পন্ন করতে চায়। কিন্তু বাস্তবতা হলো, রিপাবলিকান দলের তিনজন সিনেটর এখন করোনা আক্রান্ত। তাঁরা এ মাসে কাজে ফিরতে না পারলে ব্যারেটের এই নিয়োগ নির্বাচনের আগে সম্পন্ন করা সম্ভব হবে না।