ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের ৫৯ সিইওর চিঠি

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির ৫৯ জন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত বুধবার তাঁরা লিখিত এক বিবৃতিতে বলেছেন, এই নীতির কারণে তাঁদের কোম্পানির অনেক কর্মী হুমকির মধ্যে পড়বেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, উদ্বেগ প্রকাশ করা সিইওদের মধ্যে রয়েছেন অ্যাপল ইনকরপোরেশনের টিম কুক, জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির জেমি ডিমন ও আমেরিকান এয়ারলাইনসের ডৌগ পার্কার। বিবৃতিতে এসব সিইওরা বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের উচিত এই নীতি পুনর্নিরীক্ষণ করা। কারণ অভিবাসন জটিলতায় তাদের এমন সব দক্ষ কর্মীরা সংকটের মধ্যে পড়তে পারেন, যাঁরা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছেন।
বিবৃতিতে বিভিন্ন কোম্পানির সিইওরা বলেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধতা পাওয়া অনেক কর্মীর পরিবারও সংকটের মধ্যে পড়বে। বিশেষ করে যাঁরা এইচ-১বি কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে কাজ করছেন। সাধারণত এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসে কোম্পানিগুলো।
সিইওরা যুক্তরাষ্ট্রের আগের অভিবাসন নীতির দিকে ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রের সরকারের অভিবাসন নীতিতে পরিবর্তন আনা ঠিক হবে না। কারণ আমেরিকার বাণিজ্যের স্বার্থে কর্মীদের ভয়হীন কর্মপরিবেশ দেওয়া প্রয়োজন। পাশাপাশি আগের সরল অভিবাসন নীতি থাকলে, কোম্পানি ও কর্মীদের অপ্রয়োজনীয় অর্থ ব্যয় ও জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হবে না।