নির্বাচনে পরাজয়ের পর এমনিতে নানা চাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফল জালিয়াতির অভিযোগ এনেও কোনো প্রমাণ হাজির করতে পারলেন না। একের পর এক মামলা আদালতে নাকচ হচ্ছে। এর মধ্যে আরেকটি ধাক্কা খেলেন ট্রাম্প। বিদেশি দক্ষ কর্মীদের ভিসা দেওয়া সীমিত করতে ট্রাম্প প্রশাসন যে নির্দেশনা জারি করেছিল, তা আটকে দিয়েছেন ফেডারেল আদালত। ১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট জজ জেফরি হোয়াইট এই আদেশ দেন।
মার্কিন নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে অন্য দেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আগামী ৭ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত গৃহীত হলে মার্কিন কোম্পানিগুলো অন্য দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের সুবিধা থেকে বঞ্চিত হতো। এ ছাড়া নিয়োগ দেওয়া কর্মীকে বহিষ্কার করা হলে ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য কোম্পানি ব্যাপক লোকসানের মুখে পড়তো।
গত অক্টোবরে বিদেশি দক্ষ কর্মীদের এইচ-ওয়ানবি ভিসা প্রদান নীতিতে বেশ কিছু পরিবর্তন আনে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও শ্রম দপ্তর। ওই নীতিতে ‘বিশেষ পেশা’র খাত সীমিত করা, প্রতিষ্ঠানগুলোকে বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম মজুরি বাড়ানোর কথা বলা হয়। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ চাকরি হারিয়েছেন। তাঁদের চাকরির ব্যবস্থা করতেই বিদেশি দক্ষ কর্মী কমানোর জন্য ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নতুন ওই নীতির বিরোধিতা করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও শ্রম দপ্তরের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স, দ্য বে এরিয়া কাউন্সিলসহ বিভিন্ন বাণিজ্যিক সংগঠন। তাদের দাবি, যথাযথ পর্যালোচনা না করেই ট্রাম্প প্রশাসন এইচ-ওয়ানবি ভিসা প্রদানের নীতিতে পরিবর্তন এনেছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও শ্রম দপ্তরের জারি করা ওই নতুন নীতিমালা খারিজ করে দিয়ে ফেডারেল বিচারক জেফরি হোয়াইট বলেন, ভিসা নীতিতে পরিবর্তন আনতে সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। মহামারির কারণে কর্মসংস্থান সংকুচিত হওয়ায় জরুরি পদক্ষেপের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হলেও তাতে খুব একটা কাজে আসেনি। কারণ, ট্রাম্প প্রশাসন কিছু সময়ের জন্য ওই নির্দেশনা প্রকাশ করেছিল, সেটা শুধু অক্টোবরের জন্য।
মার্কিন প্রযুক্তিশিল্পের জন্য এইচ-ওয়ানবি ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমেই চুক্তিভিত্তিতে কাজে লাগাতে পারে। বিশেষ করে ভারত ও চীন এই ভিসার ব্যাপক ব্যবহার করে।
এইচ-ওয়ানবি ভিসা প্রদান নীতি তড়িঘড়ি করে পরিবর্তন করার কথা স্বীকারও করেছে ট্রাম্প প্রশাসন। আদালতের নথিতে দেখা গেছে, ওই ভিসা নীতির বিষয়ে প্রয়োজনীয় সরকারি বিজ্ঞপ্তি এড়িয়ে চলা এবং যথাযথ প্রক্রিয়া না মানার জন্য করোনা মহামারি ও অর্থনৈতিক কারণে আর্থিক ক্ষতির কথা আদালতের কাছে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। তবে আদালত ওই যুক্তি গ্রহণ করেননি।
আদালতের এই রায়কে বড় জয় হিসেবে উল্লেখ করেছেন বে এরিয়া কাউন্সিলের প্রধান নির্বাহী জিম ওয়ান্ডারম্যান। তিনি বলেন, ‘এটা আমাদের অর্থনীতি এবং সবচেয়ে খারাপ অবস্থা থেকে ফিরে আসার সক্ষমতার জন্য একটি বড় অর্জন।’ তিনি বলেন, বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ তাঁদের স্বপ্নপূরণ ও স্বপ্নের চাকরি নিতে এখানে আসতে চান। তাঁদের সেই স্বপ্ন পূরণ করার কাজ অব্যাহত রাখবে দ্য বে এরিয়া ও আমেরিকা। ওয়ান্ডারম্যান আরও বলেন, ‘এইচ-ওয়ানবি ভিসার কর্মীরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করেন এবং তাঁরা শুধু প্রতিষ্ঠানের জন্যই নন, যেখানে বাস করেন, সেই কমিউনিটির জন্যও অপরিমেয় সুবিধা প্রদান করে থাকেন।’