ট্রাম্প প্রশাসনের গুমর ফাঁসকারী সম্ভাব্য ১৩ জন

গতকাল বুধবার বিকেলে নিউইয়র্ক টাইমস বেনামে একটি উপসম্পাদকীয় (অপ-এড) প্রকাশ করে। ‘আই অ্যাম পার্ট অব দ্য রেসিসট্যান্স ইনসাইড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন’ শীর্ষক ওই অপ-এডে ট্রাম্প প্রশাসনের ভেতরকার সত্যিকারের একটি চিত্র ফুটে উঠেছে। ট্রাম্পের আচরণ, জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তাঁর মতবিরোধসহ নানা বিষয় এতে উঠে এসেছে। কিন্তু ওই অপ-এড কে লিখেছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সিএনএন তাদের এক বিশ্লেষণে ওই অপ-এডের লেখক হিসেবে সম্ভাব্য ১৩ জনের একটি তালিকা প্রকাশ করেছে।
সিএনএন তাদের প্রতিবেদনে বলেছে, লেখাটি অসাধারণ। কিন্তু এর লেখকের পরিচয় দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে। লেখায় উঠে এসেছে, লেখকসহ তাঁর সহকর্মীরা মিলে ট্রাম্প প্রশাসনের ভেতরই প্রেসিডেন্ট যাতে জাতির খুব বেশি ক্ষতি করতে না পারেন, সে বিষয়ে অর্ধ-উন্মুক্ত প্রচার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
ওই অপ-এডের লেখক বলেছেন, ট্রাম্প প্রশাসনের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের হতাশ করা সব এজেন্ডা ও বাজে ইচ্ছাগুলো দমনে সযত্নে কাজ করে যাচ্ছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ মনে করছে, লেখাটিতে লেখককে শনাক্ত করার জন্য খুব বেশি সূত্র রাখা হয়নি। টাইমসের বর্ণনায় নাম কেবল ‘ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা’ বলা হয়েছে। এটা হোয়াইট হাউসের কেবিনেট কর্মকর্তা, আন্ডার সেক্রেটারি বা যে-কেউ হতে পারে।
এর বাইরে অবশ্য লেখককে শনাক্ত করার আরেকটি সূত্র নিউইয়র্ক টাইমসের একটি টুইট থেকে পাওয়া যায়। সোশ্যাল টিমের টুইটে লেখককে একজন পুরুষ হিসেবে (হি) শনাক্ত করা হয়। পরে অবশ্য নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র বলেন, টুইটটি একটি ভুল ছিল। এটি আরেকজন খসড়া করে রেখেছিল, যার লেখকের পরিচয় সম্পর্কে জানা ছিল না। তাই সেখানে পুরুষ লিঙ্গ ব্যবহার করাটা ভুল ছিল।
সিএনএন ওই উপসম্পাদকীয়র লেখক হিসেবে সম্ভাব্য ১৩ জনের তালিকা প্রকাশ করেছে। জেনে নিন তাঁদের সম্পর্কে:
ডন ম্যাকগান
ওই অপ-এডের লেখক হিসেবে যাঁর নাম তালিকার প্রথমেই এসেছে, তিনি হোয়াইট হাউসের কাউন্সেল বা পরামর্শক ডন ম্যাকগান। আগামী কয়েক মাসের মধ্যে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এই আইনজীবী তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক উষ্ণ নয়। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে চলমান তদন্তে ম্যাকগানের ‘সহযোগিতায় অস্বস্তিতে’ পড়েছে হোয়াইট হাউস। চলতি মাসে নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, স্পেশাল কাউন্সেল রবার্ট ম্যুলারকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন ম্যাকগান। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আঁতাতের ঘটনা খতিয়ে দেখছেন বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলার। ম্যাকগান ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের একজন আইনজীবী। তাঁর ঘনিষ্ঠ একজন ওয়াশিংটন পোস্টকে জানান, আগামী শরতে তাঁর পদত্যাগের পরিকল্পনা রয়েছে।
ড্যান কোটস
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস হতে পারেন সম্ভাব্য লেখক। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য কমেছে তাঁর। বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মতের অমিল হয়েছে তাঁর। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলে তিনি প্রেসিডেন্টের বিরাগভাজন হয়েছেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাবেক সিনেটর ড্যান কোটস মার্কিন মুলুকে রাশিয়াবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত। শুরুতে ট্রাম্পের তীব্র সমালোচনা করে আলোচনায় এসেছিলেন। ট্রাম্পের আচরণ, বক্তব্য ও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ছাড়া ট্রাম্পের নারীবিদ্বেষী মন্তব্যগুলোকে অশ্লীল বলেও উল্লেখ করেছিলেন সাবেক এ সিনেটর। অবশ্য রিপাবলিকান পার্টির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ট্রাম্পকে সমর্থন জানান তিনি।
কেলিঅ্যান কনওয়ে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক খেলায় টিকে রয়েছেন। তবে বুদ্ধিমতী হিসেবে হাওয়া বুঝে চলেন তিনি। এদিকে তাঁর স্বামী জর্জ নিয়মিত ট্রাম্পকে নিয়ে নানা ট্রল করে যাচ্ছেন।
জন কেলি
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো নয়। কেলি মনে করেন, শুধু জনগণকে সেবা দেওয়াটাই তাঁদের কাজের মধ্যে রয়েছে। ট্রাম্পের মুখোশ উন্মোচন করার কাজটি তিনি করতে পারেন। এর আগে হোয়াইট হাউসের এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নির্বোধ’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কেলি।
কারস্টজেন নিলসেন
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান কারস্টজেন নিলসেন জন কেলির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কটাও খুব উষ্ণ নয়। এ ছাড়া ট্রাম্পের ওপর নিলসেনের ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে। ট্রাম্পের কাছ থেকে অবৈধ অভিবাসীর তথ্য সংগ্রহ বিষয়ে গালাগালি খেয়েছেন তিনি। নিলসেন এ জন্য পদত্যাগপত্র দিতে রাজি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করেননি।
জেফ সেশনস
আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস অ্যাটর্নি জেনারেলের ওই অপ-এড লেখার কারণ থাকতে পারে। অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি ট্রাম্পের কাছ থেকে কম খোঁচা শোনেননি। নিজস্ব রাজনৈতিক কারণে জেফ সেশনসের বিরুদ্ধে বিচার বিভাগকে কাজে লাগানোর অভিযোগ আনেন ট্রাম্প। বব উডওয়ার্ডের লেখা নতুন বইয়ের তথ্য অনুযায়ী, সেশনসকে ট্রাম্প মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেন এবং তার উচ্চারণ ভেঙান।
জেমস ম্যাটিস
জেমস ম্যাটিস ট্রাম্পের প্রিয় কেবিনেট সদস্য। কিন্তু উডওয়ার্ডের বইয়ের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে কড়া ভাষায় কথা বলেন ট্রাম্প। ম্যাটিস অবশ্য তা অস্বীকার করেন। এ ছাড়া জন কেলি ও রেক্স টিলারসনের সঙ্গে সখ্য আছে জেমস ম্যাটিসের। ট্রাম্পের সঙ্গে অনেক সময় মতবিরোধ বেধে যায় ম্যাটিসের।
ফিওনা হিল
রাশিয়ান বিশেষজ্ঞ হিসেবে ট্রাম্প প্রশাসনে যোগ দেন হিল। ট্রাম্প-বিরোধিতার নানা কারণ আছে তাঁর। ট্রাম্প ও রাশিয়ার সখ্য নিয়ে তাঁর নানা সন্দেহ রয়েছে। তাই ২০১৭ সালে জার্মানিতে জি-২০ সম্মেলনের সময় ট্রাম্প ও পুতিনের হাত মেলানোর সময় তিনি অনুপস্থিত ছিলেন। হোয়াইট হাউস থেকে চাকরিচ্যুত জাতীয় নিরাপত্তা পরামর্শক এইচ আর ম্যাকমাস্টারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিল।
মাইক পেন্স
মাইক পেন্স প্রেসিডেন্ট হতে চান। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাইক পেন্স জনগণের প্রতি দায়িত্ববান থাকতে চান। তাই নিউইয়র্ক টাইমসে ওই লেখা লিখতে পারেন তিনি। উচ্চাকাঙ্ক্ষী পেন্সের পক্ষে এ ধরনের লেখা সম্ভব কি না, সে প্রশ্ন অবশ্য থেকে যায়।
নিকি হ্যালি
মাইক পেন্সের মতোই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ। তবে পেন্সের মতোই তিনি উচ্চাকাঙ্ক্ষী। তাঁর চোখও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দিকে। কিন্তু ওই অপ-এড লিখে কি উদ্দেশ্য সাধন হবে তাঁর?
জাভাঙ্কা
জ্যারেড কুশনার আর ইভাঙ্কা দুজনকে মিলিয়ে বলা হচ্ছে জাভাঙ্কা। তাঁরা কি লিখতে পারেন না এমন অপ-এড? ট্রাম্প প্রশাসনকে ব্যাখা দিতে তারাও লিখতে পারেন। ইভাঙ্কা বলেছিলেন, তাঁর কথা যাতে ট্রাম্প শোনেন, সে জন্য কাজ করবেন। কিন্তু ইভাঙ্কা ও কুশনারের কথা ট্রাম্প শুনেছেন—এমন প্রমাণ কম। এটা কোনো প্রতিশোধ?
মেলানিয়া ট্রাম্প
ফার্স্ট লেডি মেলনিয়া কি লিখতে পারেন এমন অপ-এড? মেলানিয়া যখন স্বামীর প্রতি বা তাঁর প্রশাসনের প্রতি রুষ্ট থাকেন, তখন তিনি এ ধরনের বার্তা পাঠাতেই পারেন। ট্রাম্প ও তাঁর প্রশাসন টিভির রিয়্যালিটি শোর মতোই চলতে থাকলে তাঁর স্ত্রী মেলানিয়ার পক্ষে এ ধরনের অপ-এড লেখা আশ্চর্যের কিছু নয়।
আরও পড়ুন