ট্রাম্প প্রশাসনের বিপক্ষে সুপ্রিম কোর্টের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার সুপ্রিম কোর্ট ইমিগ্রেশন বা অভিবাসন নিয়ে আবারও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন। ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল বা ডাকা কর্মসূচি নামে পরিচিত বারাক ওবামা প্রশাসনের ইমিগ্রেশন কর্মসূচি অবসানে ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিপক্ষে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

১৮ জুন সুপ্রিম কোর্ট ৫-৪ ব্যবধানে ট্রাম্প প্রশাসনের বিপক্ষে রায় দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট পর পর দুইবার প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের বিপক্ষে অবস্থান নিল সুপ্রিম কোর্ট। এর আগে সমকামী ও তৃতীয় লিঙ্গের প্রতি কর্মক্ষেত্রে বৈষম্যের অবসান নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ডাকা কর্মসূচির সুবিধাভোগীরা তাদের ওয়ার্ক অথোরাইজেশন নবায়ন করতে পারবেন আগের মতো। অল্প বয়সে আমেরিকায় আসা লোকজনের জন্য ডাকা কর্মসূচি আমেরিকার সাম্প্রতিক সময়ের ইমিগ্রেশনের অন্যতম ইস্যু। ২০১২ সালে এই কর্মসূচি চালু হয় । ১৬ বছর বয়সের আগে আমেরিকায় আসা কেউ স্কুলে ভর্তি হলে বা স্কুল থেকে গ্র্যাজুয়েশন করলে এবং কোন অপরাধ না করলে এই কর্মসূচির আওতায় তাদের কাজের অনুমতি দেওয়া হয়।

এদিকে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বিভাগটি লকডাউন থেকে বেরিয়ে গ্রিনকার্ড প্রদান, ভিসা আবেদন অ্যাডজাস্টসহ অন্যান্য ইমিগ্রেশন কার্যক্রম শুরু করেছে। নাগরিকত্বের জন্য ইন্টারভিউ, ইমিগ্রেশন সাক্ষাৎকার আবার শুরু করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এসব সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। যারা আমেরিকার অভ্যন্তরে থাকা অবস্থায় গ্রিনকার্ড বা অ্যাডজাস্টমেন্টের আবেদন করছেন, তাদের ব্যাপারে ইমিগ্রেশনের কাজকর্ম শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিল মাসে দেওয়া এক নির্বাহী আদেশে আমেরিকার বাইরে থেকে গ্রিনকার্ডের আবেদকে স্থগিত করে রেখেছেন।