ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের ১৭টি রাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্প প্রশাসনকে অভিবাসী পরিবারের শিশুদের বিচ্ছিন্নকরণের দায়ে মামলা করেছেন। তাঁরা এ কাজকে ‘নিষ্ঠুর ও বেআইনি’ বলে অভিহিত করেছেন। খবর বিবিসির।

যুক্তরাজ্য-মেক্সিকো সীমান্তে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এ মামলাটি করা হয়।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অনথিভুক্ত শরণার্থীদের হুমকি দিয়ে বলেছেন, ‘সন্তানের জীবনের ঝুঁকি’ নিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন না।
ওয়াশিংটনের সিয়াটলের জেলা আদালতে মঙ্গলবার মামলাটি করা হয়। মামলায় ট্রাম্পের ২০ জুনের আদেশটিকে ‘অলীক’ বলা হয়েছে। ওই আদেশে শরণার্থী পরিবারকে একসঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এটাই পারিবারিক বিচ্ছিন্নকরণের বিরুদ্ধে প্রথম আইনি পদক্ষেপ। রাজ্যগুলো এখন এ বিচ্ছিন্নকরণকে ‘সংবিধান পরিপন্থী’ হিসেবে উল্লেখ করে এর বিপরীতে আদালতের আদেশ চাইছে।
নিউজার্সির অ্যাটর্নি জেনারেল গার্বির গ্রেওয়াল এক বিবৃতিতে পরিবার থেকে বিচ্ছিন্নকরণের এ রীতিকে ‘নিষ্ঠুর’ বলেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অফিস অব রিফিউজি রিসেটেলমেন্টের (ওআরআর) পক্ষ থেকে বলা হয়েছে, দেশব্যাপী তাদের আশ্রয়কেন্দ্রগুলোতে ১১ হাজার ৮০০ শিশু রয়েছে। এসব শিশুর বেশির ভাগই মা-বাবা বা অভিভাবকহীন সীমান্তে থাকা শিশুদের সঙ্গে মিশতে পারে না। ওআরআরের পরিচালক স্কট লয়েড অবশ্য পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শরণার্থী শিশুদের এখনো আশ্রয় দিচ্ছে কি না, সেটা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সীমান্ত কর্মকর্তা টেক্সাসে সাংবাদিকদের বলেন, তিনি সন্তানসহ আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা আপাতত বন্ধ রেখেছেন।
কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কমিশনার কেভিন ম্যাকঅ্যালিনান বলেছেন, সংস্থাটি ট্রাম্পের আদেশ পালন করছে, কিন্তু ট্রাম্প বলেছেন পরিবারগুলোকে সন্তানসহ আটকে রাখতে। মামলাটির সঙ্গে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা মামলার সাদৃশ্য রয়েছে।
আইনজীবীরা সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর কাছে এ পারিবারিক বিচ্ছিন্নতার আর্থিক মূল্যের পরিমাণ জানতে চেয়েছেন।

শতাধিক আইনপ্রণেতার স্বাক্ষরিত ওই অনুরোধে ১০ জুলাইয়ের মধ্যে আর্থিক মূল্যের হিসাব দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।