ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো হবে: লাভরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সুসম্পর্কের পথে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে চাইছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আগের সরকারের চেয়ে বর্তমান সরকারের সঙ্গেই মস্কোর সম্পর্ক ভালো হবে বলে তিনি মনে করেন।

হোয়াইট হাউসে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর লাভরভ একথা বলেন। ট্রাম্প গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তাঁর সঙ্গে বৈঠক করা রাশিয়ার সর্বোচ্চ নেতা লাভরভ। আর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের ঘটনা নজিরবিহীন না হলেও বিরল।

এফবিআই প্রধান জেমস কোমিকে সরিয়ে দেওয়ার পরদিন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের গোপন আঁতাতের অভিযোগ তদন্ত করছিলেন কোমি।

লাভরভের সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর কাছে জানতে চাওয়া হয়, জেমস কোমির বরখাস্তের সিদ্ধান্ত এই বৈঠককে কোনোভাবে প্রভাবিত করেছে কি না? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মোটেও না।’