পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কায় হিলারি
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। গত ফেব্রুয়ারি মাসে দলের এক রুদ্ধদ্বার তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস।
ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার থেকে হ্যাক হওয়া ৫০ মিনিটের একটি অডিও রেকর্ড ‘ওয়াশিংটন বিকন’ ওয়েবসাইটে ছাড়া হয়েছে। ওই অডিওর বরাতে সংবাদটি প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ওই দলীয় অনুষ্ঠানে পারমাণবিক অস্ত্রের আধুনিকায়নের ব্যাপারে এক প্রশ্নের জবাব দেন হিলারি। তিনি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার প্রসঙ্গ তুলে ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়ার নাম উল্লেখ করেন। হিলারি বলেন, ‘ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাকিস্তান পূর্ণোদ্যমে কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করছে। কিন্তু আমরা এই আশঙ্কার মধ্যে থাকি যে, দেশটিতে একটি অভ্যুত্থান ঘটতে পারে। এর ফলে পারমাণবিক অস্ত্রগুলোও হাতিয়ে নিতে পারে সন্ত্রাসীরা।’
ট্রাম্প প্রেসিডেন্ট পদের অযোগ্য: মার্কিন সংবাদপত্র ইউএসএ টুডে ৩৪ বছরের ইতিহাসে কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো পক্ষ নেয়নি। তবে এবার পত্রিকাটির সম্পাদকমণ্ডলী রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাঁরা বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদের অযোগ্য।
ইউএসএ টুডের এডিটরিয়াল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে লিখেছে, ‘এ বছর একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে—রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প—আমাদের এডিটরিয়াল বোর্ডের সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য মনে হয়েছে।’