
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে সেখানকার পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে একটি কাল্পনিক প্রচ্ছদ তৈরি করেছে বোস্টন গ্লোব পত্রিকা। মার্কিন পত্রিকাটির ওয়েবসাইটে গত শনিবার ওই প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে।
বোস্টন গ্লোব-এর কাল্পনিক সেই প্রথম পাতার প্রধান প্রতিবেদনের শিরোনাম: ‘বহিষ্কার শুরু হতে যাচ্ছে’। এতে জাতির উদ্দেশে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের’ ভাষণ উদ্ধৃত করে বলা হয়, অবৈধ অভিবাসীদের ‘দ্রুত তাড়িয়ে দেওয়া হবে’।
মূল প্রতিবেদনের একটি পার্শ্ব খবরে বলা হয়, ‘বিভিন্ন শহরে বিক্ষোভ সত্ত্বেও বহিষ্কার কর্মসূচির জন্য তহবিল চেয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।’
প্রথম পাতার বাকি সংবাদগুলোয় ট্রাম্পের শাসনাধীন যুক্তরাষ্ট্রের এক হতাশাজনক চিত্র তুলে ধরা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ‘শেয়ারবাজারে ধস’, ‘সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ’, ‘আইএস জঙ্গিদের পরিবারের সদস্যদের হত্যা করতে সরকারের নির্দেশ সেনারা মানছে না’ ইত্যাদি খবর। ভিন্ন স্বাদ দিতে কয়েকটি কৌতুককর খবরও ছাপা হয়েছে কাল্পনিক প্রথম পাতায়। যেমন ট্রাম্পের নামে বিখ্যাত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নামকরণ, নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ট্রাম্পের নাম ওঠা ইত্যাদি।