ট্রাম্প বলছেন জুলিয়ানি সব জানেন না, তবে ট্রাম্প অনেক আগেই জানতেন

ফের বেঁকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার ব্যাপারটা তিনি জানতেন, নিজের আইনজীবীর এ কথা সমর্থনের এক দিন পরেই বলছেন, লোকটা মাত্রই কাজে যোগ দিয়েছেন, তাই সবটা জানেন না। খবর বিবিসি।
এই আইনজীবী, রুডলফ জুলিয়ানি, ফক্স নিউজকে বলেছিলেন, ট্রাম্প জানতেন, তাঁর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ওই পর্ন তারকাকে মুখ বন্ধ রাখার জন্য ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছেন।
২০০৬ সালে ট্রাম্প পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত এপ্রিলে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, পর্ন তারকাকে ঘুষ দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ট্রাম্পের দাবি ঠিক নয়। আসলে তিনি আরও কয়েক মাস আগে থেকেই বিষয়টা জানতেন। টাইমস ঘটনাটি সম্পর্কে জানে—এমন দুটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে।
গত মাসে ট্রাম্পের আইনি সহায়তা দলে যোগ দেন জুলিয়ানি। ফক্স নিউজকে দেওয়া জুলিয়ানির সাক্ষাৎকারের বিষয়ে সাংবাদিকেরা হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে জানতে চান। ট্রাম্প বলেন, ‘জুলিয়ানি সবে কাজে যোগ দিয়েছেন। তিনি এখনো সবকিছু সম্পর্কে জানেন না।’ তবে জুলিয়ানি কী ভুল বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প।