
একজন রুশ আইনজীবীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কথিত বৈঠকে মস্কোর কোনো সম্পর্ক নেই দাবি করে ক্রেমলিন গতকাল বুধবার বিবৃতি দিয়েছে। এই বিতর্কের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল টুইটারে বলেছেন, তাঁর ছেলে ‘নির্দোষ’।
ট্রাম্প জুনিয়র গত বছর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর বাবার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের প্রচার কার্যক্রমের বিরুদ্ধে রুশ সহায়তাকে স্বাগত জানিয়েছিলেন বলে একাধিক ই-মেইলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফলে ওই নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে।
ট্রাম্প জুনিয়র গত মঙ্গলবার কয়েকটি ই-মেইল প্রকাশ করেন। এতে দেখা যায়, তিনি রুশ সরকারের একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে আগ্রহ দেখিয়েছিলেন। তাঁর নাম নাতালিয়া ভেসেলনিতস্কায়া। তাঁর কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার কার্যক্রমে বাধা দেওয়ার উপযোগী তথ্য হয়তো ছিল। ডোনাল্ড ট্রাম্পের প্রতি মস্কোর আনুষ্ঠানিক সমর্থনের অংশ হিসেবেই সম্ভবত ওই নারীকে পাঠানো হয়েছিল।
বিবিসি লিখেছে, ট্রাম্প জুনিয়র ওই রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে বাবাকে কিছুই বলেননি এমন দাবি করেছেন। ট্রাম্পের ছেলে ফক্স নিউজকে বলেন, ওই বৈঠকে আসলে কিছুই হয়নি। ব্যাপারটা অন্যভাবে মোকাবিলা করা উচিত ছিল।
মার্কিন কর্মকর্তারা সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করছেন। নির্বাচিত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযোগ শুনে আসছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারির প্রচার কার্যক্রমে রাশিয়া বাধা দেওয়ার চেষ্টা করেছিল।
এই বিতর্কে নিজের ছেলেকে জড়ানোর ঘটনায় অসন্তোষ জানিয়ে ট্রাম্প গতকাল টুইটারে লিখেছেন, ‘সে উন্মুক্ত, স্বচ্ছ এবং নির্দোষ। এটা রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অন্যায্য দোষারোপের ঘটনা। দুঃখজনক!’
সর্বশেষ প্রকাশিত ই-মেইলগুলো মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ে রুশ সহায়তার অভিযোগের পক্ষে সবচেয়ে জোরালো প্রমাণ। এই বিতর্কে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকা নিয়ে সংকটাবস্থা তৈরি করেছে। মার্কিন বিচার বিভাগ ও কংগ্রেস পৃথকভাবে গত নভেম্বরের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল আরেকবার ওই অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প-পুত্রকে দোষারোপের কারণ জানতে চেয়েছেন। ট্রাম্প বরাবরই বলে আসছেন, তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রমে রাশিয়ার কোনো ধরনের সহায়তা ছিল না।
ট্রাম্পের ছেলে কোনো বেআইনি কাজ করেছেন বলে প্রমাণ এখন পর্যন্ত না মিললেও ব্যাপারটা তদন্ত কর্মকর্তাদের নজর কেড়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, তদন্ত কর্মকর্তারা ট্রাম্পের ছেলের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে সহায়তার অভিযোগ আনলে তিনি ঝামেলায় পড়তে পারেন। এসব অপরাধের মধ্যে ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার ব্যবস্থায় অনধিকার প্রবেশ অথবা বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে উপহারসামগ্রী গ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রমের আর্থিক বিধি লঙ্ঘন প্রভৃতি থাকতে পারে।
ট্রাম্প জুনিয়র এ বিষয়ে তদন্তকারীদের সহযোগিতার অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইন কর্মকর্তা জে সেকুলো বলেছেন, রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করে ট্রাম্প-পুত্র কোনো আইন ভাঙেননি। আর প্রেসিডেন্ট এত দিন অবধি ওই বৈঠক এবং ই-মেইলগুলোর ব্যাপারে কিছুই জানতেন না।
ট্রাম্প-পুত্র বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের তৎকালীন নির্বাচনী প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট এবং জামাতা জ্যারেড কুশনারও (বর্তমানে হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় পরামর্শক) রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন।