ট্রাম্প বললেন, ভয় নেই

সুপ্রিম কোর্টের শূন্যপদগুলো পূরণ, অবৈধ অভিবাসীদের দেশছাড়া করা, কর কমানোর মতো বিষয়সূচি নিয়ে উদ্বিগ্ন মার্কিনদের আশ্বস্ত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেন, তাঁর শাসনামল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
মুসলিম ও হিস্পানিক জনগোষ্ঠীকে হয়রানি করার খবরে দুঃখিত হয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। এ ধরনের হয়রানি তিনি থামাতে বলেছেন।
স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএস টেলিভিশন চ্যানেলের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারটি স্থানীয় সময় গত শুক্রবার ধারণ করে সিবিএস টেলিভিশন চ্যানেল। গতকাল তা সম্প্রচার করা হয়।
নির্বাচিত হওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে যুক্তরাষ্ট্রবাসী। তারা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ। এ নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তারা আমাকে ঠিকভাবে চেনে।’
ট্রাম্পের শাসনামল নিয়ে মার্কিনদের মনে ভয় আছে। এ ব্যাপারে জানতে চাইলে ট্রাম্প মার্কিনদের উদ্দেশে বলেন, ‘ভীত হবেন না। আমরা আমাদের দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে চাই।’
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন ট্রাম্প। তাঁর এই সাক্ষাৎকার নিয়ে যুক্তরাষ্ট্রবাসী আগ্রহী ছিল। ট্রাম্পের কথোপকথন থেকে তাঁর শাসনামল সম্পর্কে আভাস পেতে চেয়েছে তারা।
সিবিএস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গর্ভপাত এবং আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের বিরুদ্ধে যাঁরা রয়েছেন, তাঁদের তিনি বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিয়োগ দেবেন। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল বিচারপতি আন্তোনিন স্কালিয়ার মৃত্যুর পর সেই শূন্যপদ পূরণের সুযোগ রয়েছে ট্রাম্পের সামনে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটের বাধার মুখে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ওই শূন্যপদে কোনো বিচারপতিকে নিয়োগ দিতে পারেননি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ৩০ লাখ অবৈধ অভিবাসীকে হয় দেশছাড়া করবেন, নয়তো জেলে ঢোকাবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের একটি বড় অংশ তাদের প্রতিবেশী দেশ মেক্সিকোর নাগরিক। তাদের প্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলেছিলেন ট্রাম্প।
এ বিষয়ে সিবিএসের সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মেক্সিকো সীমান্তের কিছু অংশে দেয়ালের পরিবর্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি কি তা মানবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘কিছু অংশে দেয়াল তোলাটাই হবে সঠিক পদক্ষেপ। আমি অন্তত তা-ই মনে করি। তবে নির্দিষ্ট কিছু অংশে বেড়াও দেওয়া যেতে পারে।’
ওবামার স্বাস্থ্যনীতি বা ওবামাকেয়ার পুরোপুরি বাতিলের বদলে কিছু অংশ রাখবেন বলেও ট্রাম্প জানান।
যুক্তরাষ্ট্রে সমলিঙ্গ বিয়ে বৈধ রাখার সিদ্ধান্ত থেকেও সরে আসবেন না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, এটা আইন। এটা সুপ্রিম কোর্টে নিষ্পত্তি করা হয়েছে। এ সময় সিবিএস জানতে চায়, ট্রাম্প সমলিঙ্গ বিয়ে সমর্থন করেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, এতে তাঁর কোনো অসুবিধা নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে চার লাখ ডলার পেয়ে থাকেন।
ট্রাম্প বলেন, তিনি এই বেতন নেবেন না। তবে আইন মানতে হবে। তাই তিনি বছরে এক ডলার বেতন নেবেন।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ও নিজের প্রধান কৌশলগত উপদেষ্টার নামও ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রাইনস প্রিবাস। আর ট্রাম্পের প্রধান কৌশলগত উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী নেতা স্টিভ বেনন।