ট্রাম্প বিশ্ববিদ্যালয় নিয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের অবৈধ বাণিজ্যের কারণে ছাত্রছাত্রীরা প্রতারণার শিকার হয়েছেন—এই অভিযোগে ডোনাল্ড ট্রাম্প বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে একটি ফেডারেল আদালতে বৃহস্পতিবার থেকে জুরি নির্বাচন শুরু হয়েছে। তবে আদালতে সওয়াল-জবাবের তারিখ এখনো ঠিক হয়নি।
ক্যালিফোর্নিয়া ছাড়াও নিউইয়র্কের একটি আদালতেও প্রতারণার অভিযোগে ভিন্ন আরেকটি মামলা করা হয়েছে। উভয় ক্ষেত্রেই এই তথাকথিত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা যৌথভাবে মামলার বাদী।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দায়িত্ব পালনকালে সব আইনি ঝামেলা থেকে তাঁর ইমিউনিটি বা আইনগতভাবে মুক্তি পাওয়ার কথা। কিন্তু এ ব্যাপারে ইতিমধ্যে যে নজির রয়েছে, তার অধীনে এই মামলা চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ১৯৯৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যৌন নির্যাতনের একটি অভিযোগে মামলার সম্মুখীন হন। ক্লিনটন ইমিউনিটি দাবি করে সে মামলা বাতিল করার আবেদন করে পাল্টা মামলা করেন। সে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, সেখানে আদালত রায় দেন, ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়েরে কোনো বাধা নেই। এই রায়ে প্রতিষ্ঠিত হয় যে ক্ষমতাসীন হলেও প্রেসিডেন্টের ‘পূর্ণ বিমুক্তি’ পাওয়ার কোনো বিধান নেই।
বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের পক্ষে তাঁর আইনজীবীরা জাতীয় স্বার্থে এই মামলা বাতিল অথবা বিলম্বিত করার চেষ্টা করবেন।