ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। শেষ টিভি বিতর্কের সময় নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ব্যাপারে ট্রাম্পের ‘অনীহার’ পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন হিলারি।
ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে গত শুক্রবার এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে হিলারি বলেন, ‘আমরা নেতৃত্ব ও স্বৈরতন্ত্রের পার্থক্য সম্পর্কে অবগত আছি। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর-প্রক্রিয়ার প্রতি সমর্থনই আমাদের বৈশিষ্ট্যকে পৃথক করেছে।’ ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘নির্বাচনের ফলাফলকে শ্রদ্ধা করবেন, এই কথা বলতে অস্বীকার করার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আমাদের গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করেছেন।’
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি এবং ধনকুবের ট্রাম্পের মধ্যে নির্বাচনী বিরোধ ক্রমেই বেশি করে তিক্ত হয়ে উঠেছে। সম্প্রতি ট্রাম্প নির্বাচনে ‘কারচুপির’ ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেছেন। এতে অনেকেই চটেছেন তাঁর ওপর। হিলারি আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প স্বৈরতান্ত্রিক আচরণের দিকে যাচ্ছেন।