ট্রাম্প-মের টুইটার বিবাদ সাধারণ কিছু নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ও ডোনাল্ড ট্রাম্প

সাত-সকালেই টুইটারের মাধ্যমে একের পর এক তীব্র বাক্যবাণ ছুড়ে দেওয়াটা ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে নতুন কিছু নয়। মিত্রদের আক্রমণ করা কিংবা বর্ণবাদীদের উৎসাহ দেওয়াটাও নতুন নয়। কিন্তু তারপরও ২৯ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটের মাধ্যমে এক ঢিলেই তিন পাখি মারার বিরল অর্জন করলেন। ঘুম থেকে উঠেই তিনি তাঁর ফোনটি তুলে নিলেন। আর তোপ দাগালেন সিএনএনের বিরুদ্ধে। একই সঙ্গে পুরোনো ষড়যন্ত্র তত্ত্বের পালে দিলেন হাওয়া। আর বিদেশিদের প্রতি ব্রিটিশদের ভীতি নিয়ে দিলেন বিস্ফোরক পোস্ট। এটিই ছিল এ দিন ৪৩ দশমিক ৬ মিলিয়ন অনুসারীর প্রতি ট্রাম্পের উপহার। 

দিনটি এখানেই শেষ হয়নি। ওই দিনই ট্রাম্প চড়াও হন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ওপর। অপরাধ ট্রাম্পের ব্রিটিশ নিন্দার সমালোচনা করেছিলেন তিনি কড়া ভাষায়। মে’র কার্যালয় থেকে ট্রাম্পকে পরামর্শ দেওয়া হয়েছিল, নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চিন্তা না করতে। এ বিষয়ে দ্য ইকোনমিস্টের বক্তব্য হচ্ছে, অবশ্য ট্রাম্পের টুইটার পোস্টকে গণনায় না নিলেও পারত থেরেসা মে’র কার্যালয়। কারণ ২০১৭ সালের শিক্ষা হচ্ছে, সুস্থ ও স্বাভাবিক থাকতে চাইলে ট্রাম্পের টুইটকে এড়িয়ে চলাই ভালো।
তথ্যের উৎস নিয়ে মানুষের মধ্যে আগ্রহের বিস্ময়কর রকমের ঘাটতি রয়েছে। প্রথমেই আসছে ব্রিটেনের কথা। এই বিতর্কের আগ পর্যন্ত ব্রিটেনের রাজনীতির অতি ডান অংশটির বর্ণবাদী মনস্তত্ত্ব সম্পর্কে খুব কমই জানা ছিল। বাদামি মানুষের প্রতি তাদের বৈরী দৃষ্টিভঙ্গি আর গোপন থাকেনি। এ দলের নেতা হচ্ছেন পল গোল্ডিং, যিনি তুলনামূলক বেশি মূলধারায় থাকা ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) থেকে বহিষ্কৃত হয়েছিলেন। গত সাধারণ নির্বাচনে ব্রিটেনের ৬৫০টি সাংবিধানিক আসনের মধ্যে মাত্র তিনটিতে এ দল মাত্র ১ শতাংশের মতো ভোট পেয়েছিল। ডানপন্থী দল বিএনপির মধ্যেও গোল্ডিং ভীষণ বর্ণবাদী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কারণ দলটির একমাত্র অশ্বেতাঙ্গ কাউন্সিল সদস্যকেও তিনি সহ্য করতে পারেননি। এর বাইরেও তাঁর বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হয়ে নির্যাতনের অভিযোগ ছিল। ব্রিটেনে ট্রাম্পের ধাঁচে তিনিই প্রথম ব্রিটেন ফার্স্ট স্লোগান তুলেছিলেন। আর এসব তথ্যই ডোনাল্ড ট্রাম্পের টুইটার পোস্টটির ভিত্তি গড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
ট্রাম্প-মে টুইটার বিবাদের গোড়ায় আরেকটি যে কারণ রয়েছে, তা হলো ট্রাম্পের অতি উৎসাহ। ব্রিটেনের পক্ষ থেকে যখন ট্রাম্পের প্রথম টুইটার পোস্টের সমালোচনা এল, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। লিখলেন, ‘থেরেসা, আমার দিকে মনোযোগ দেবেন না। মনোযোগ দিন ধ্বংসাত্মক ইসলামিক স্টেটের দিকে, যা ঘাঁটি গেড়েছে যুক্তরাজ্যে। আমরা বেশ ভালো আছি!’ ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য লন্ডনের (মুসলিম) মেয়রকে দোষারোপ করে টুইট করার পর পাল্টা সমালোচনার শিকার হলে ট্রাম্প তাঁর টুইটার পোস্টের ধার আরও বাড়িয়ে দেন। ঠিক একইভাবে তিনি এর আগে শার্লটসভিলের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের কাণ্ডের ক্ষেত্রেও প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এবার নজর দেওয়া যাক অন্য বাস্তবতার দিকে। ব্রেক্সিট প্রক্রিয়া চলছে। আর এর পর ব্রিটেনের সবচেয়ে বড় মনোযোগের জায়গায় রয়েছে আমেরিকা। কারণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর দেশটির আমেরিকার সঙ্গেই বাণিজ্য সম্পর্ক আরও বেশি জোরদার করতে হবে। এদিকে ট্রাম্পের দিক থেকে এমন মন্তব্য ও প্রতিক্রিয়া ব্রিটেনের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই মন্তব্য ও প্রতিক্রিয়া একটি বড় কাজ করেছে। পুরো ব্রিটেনের সব এমপিকে ট্রাম্প ঐক্যবদ্ধ করে দিয়েছেন এক লহমায়, যারা ব্রেক্সিট থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কিছুদিন আগেও ছিলেন বহুধাবিভক্ত। থেরেসা মে’র কাছে এর মূল্য অনেক। কারণ এখন তাঁর পক্ষে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা শুরুর পথটি অনেক বেশি সহজ হয়ে উঠেছে।
ইকোনমিস্ট বলছে, সুসংবাদ হচ্ছে ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ছোটখাটো আঘাতেই সীমাবদ্ধ থাকছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই তাঁর বাক্যবানে প্রথম বিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। কিন্তু পরে এ বিষয়ে মার্কিন নীতি পরিবর্তন হয়। এ ক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলা যায় হিমশিম খাচ্ছেন। আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষায় প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কটি উষ্ণতা বজায় রেখে চালিয়ে নেওয়াটা তাঁর কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কটি দুই দিকের জন্যই খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দুই দেশই কূটনীতি, গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পরস্পরের বিশ্বস্ত সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে একযোগে কাজ করছে। এ ক্ষেত্রে টুইটার বিবাদের প্রভাব পড়ার আশঙ্কা তেমন থাকলেও তা একেবারে সুরক্ষিতও নয়। বিশেষত ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনের বর্ধিত চাহিদা ও আমেরিকার বন্ধুহীন হয়ে ওঠার বাস্তবতায় কূটনৈতিক সম্পর্ক আগের চেয়ে আরও দৃঢ় করার প্রয়োজন তৈরি হয়েছে। তৈরি হয়েছে বাণিজ্যিক ও গোয়েন্দা তথ্য আদানপ্রদানে সম্পর্ক উন্নয়নের। কিন্তু দুই শীর্ষ নেতার এমন বিবাদ পরবর্তীতে আরও বাড়লে সার্বিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। কোনো সন্দেহ নেই যে, এ সময়ে দুই দেশেরই পরস্পরকে বেশি প্রয়োজন। বিশেষত থেরেসা মে’র জন্য এ প্রয়োজনীয়তা আরও বেশি। কারণ ব্রেক্সিটের মতো বিশ্বের সবচেয়ে জটিল বিচ্ছেদ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আর একে কেন্দ্র করেই ঘরের ভেতর তাঁর জনপ্রিয়তা কমছে, যা ভবিষ্যতে আরও কমবে বলেই আশঙ্কা। ফলে এ ধরনের বিবাদ দীর্ঘস্থায়ী হলে তা শুধু দুই দেশই নয় বিশ্ব কাঠামোতেই বিপর্যয় নিয়ে আসতে পারে।